প্রায় ৩৫০ কোটি বছর আগে মঙ্গল গ্রহের এক-তৃতীয়াংশের বেশি এলাকাজুড়ে প্রাণ ধারণের উপযোগী জলরাশির উপস্থিতি ছিল। গতকাল রোববার প্রকাশিত একটি গবেষণাপত্রে এ দাবি করা হয়েছে। নেচার জিওসায়েন্স নামের সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণাপত্রে বলা হয়, মঙ্গল গ্রহের ওই সাগর আটলান্টিক মহাসাগরের মতো বড় এলাকাজুড়ে ছিল। সেটি সম্ভবত সেখানকার উত্তর মেরু পর্যন্ত বিস্তৃত ছিল।অনেক বছর ধরেই বিজ্ঞানীরা প্রমাণ পাওয়ার চেষ্টা করছেন, মঙ্গল গ্রহে এমন কোনো বড় জলরাশি ছিল কিনা, যেখানে বাষ্পায়ন ও বৃষ্টিপাতের মাধ্যমে পূর্ণাঙ্গ জলচক্র সম্পন্ন হতো। সাম্প্রতিক বিভিন্ন উপাত্ত এ ধরনের জলরাশি থাকার পক্ষে সমর্থন জোগালেও সন্দেহ থেকেই যাচ্ছে।যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডারে অবস্থিত কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষক গায়েতানো ডি আচিল্লে ও ব্রায়ান হাইনেক এই গবেষণায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সংগৃহীত বিশাল ছবির ভান্ডার ব্যবহার করেন। তথ্যগুলো নতুন নয়, কিন্তু এই গবেষকেরা প্রথমবারের মতো তথ্যগুলোর মধ্যে যোগসূত্র স্থাপন করে কম্পিউটারে একটি একক মডেল তৈরি করেন। ওই মডেলের মাধ্যমে মঙ্গল গ্রহের বিভিন্ন স্থানে ৫২টি বদ্বীপ অঞ্চল শনাক্ত করা হয়েছে।বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, মঙ্গলপৃষ্ঠের ৩৬ শতাংশ এলাকাজুড়ে ওই সাগরের বিস্তৃতি ছিল। ওই সাগরে প্রায় ১২ কোটি ৪০ লাখ ঘন কিলোমিটার পানি ছিল। গবেষণাপত্রে বলা হয়, প্রায় সাড়ে তিন কোটি বছর আগে মঙ্গলে সম্ভবত পৃথিবীর মতোই বৃষ্টি ও তুষারপাত, মেঘ তৈরি, বরফ গঠন ও ভূ-গর্ভস্থ পানি সঞ্চিত হওয়ার প্রক্রিয়া ছিল।একই সাময়িকীতে প্রকাশিত আরেকটি গবেষণাপত্রে হাইনেক ও তাঁর সহকর্মীরা দাবি করেছেন, মঙ্গলে প্রায় ৪০ হাজার নদী-উপত্যকা রয়েছে, যা আগের ধারণার চেয়ে চার গুণ বেশি। হাইনেক বলেন, ‘এ ধরনের উপত্যকা সৃষ্টির জন্য উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত দরকার।’ তবে এই প্রমাণ সব সন্দেহ অবসানের জন্য যথেষ্ট নয়। ডি আচিল্লে বলেন, ‘সবচেয়ে বড় যে প্রশ্নটি রয়ে যাচ্ছে সেটি হলো, এই বিপুল পরিমাণ জলরাশি কোথায় গেল।’আগামী তিন দশকের মধ্যে মঙ্গলে মানববাহী মহাকাশযান পাঠানোর পরিকল্পনা রয়েছে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা এসা ও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার। এএফপি।