মজুতদার শায়েস্তায় মোদির বিশেষ আদালত

মজুতদার ও কালোবাজারিদের দ্রুত বিচারে বিশেষ আদালত স্থাপনে ভারতের বিভিন্ন রাজ্যের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান।
আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
খবরে বলা হয়, মৌসুমি বৃষ্টির বিরূপ প্রভাব ঠেকাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারগুলোর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন মোদি।
বর্ষা মৌসুমে দেশের দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি স্থিতিশীল রাখতে মোদি সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রী দেশের জ্যেষ্ঠ মন্ত্রী, কর্মকর্তা ও আবহাওয়াবিষয়ক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে ভারতের আবহাওয়া বিভাগের কর্মকর্তারা মোদিকে জানিয়েছেন, জুলাই ও আগস্ট মাসজুড়েই বৃষ্টি চলবে।
কৃষি মন্ত্রণালয় বৃষ্টিকে কাজে লাগানোর জন্য অর্ধশতাধিক জেলায় তহবিল বরাদ্দের পরিকল্পনা করেছে। মোদি সরকার বর্ষা মৌসুমকে কাজে লাগাতে কৃষি মন্ত্রণালয়কে আগাম পরিকল্পনা নেওয়া এবং তা বাস্তবায়ন করতে চাপ দিয়েছে। কৃষিক্ষেত্রে সেচের জন্য পর্যাপ্ত বিদ্যুত্ ও বীজ সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
দ্রব্যমূল্য বৃদ্ধি সামাল দিতে মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে মোদি সরকার। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মজুত করে রাখার কারণেই দ্রব্যমূল্য বাড়ছে বলে মনে করছে সরকার। কিন্তু অতীতে মজুতদারদের বিরুদ্ধে যথাযথ শাস্তি কার্যকর হয়নি।
সরকারি হিসাব অনুযায়ী, ২০১৩ সালে মজুতদারির অপরাধে পাঁচ হাজার ১৩২ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুই হাজার ৪৬৮ জনের বিচার হয়েছে। দোষী সাব্যস্ত হয়েছেন ৯৬৬ জন।
মোদির সরকার মজুতদারদের ঠেকাতে সারা দেশে খাদ্যের পর্যাপ্ত সরবরাহও নিশ্চিত করার পদক্ষেপ নিচ্ছে। গতকাল বৃহস্পতিবার প্রতি টন আলুতে ন্যূনতম রপ্তানি মূল্য দুই হাজার ৭০০ রুপি নির্ধারণ করে দিয়েছে সরকার। বছরে ভারত থেকে এক থেকে দুই লাখ টন আলু রপ্তানি হয়।
খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান বলেন, ‘আমাদের প্রচুর আলু ও পেঁয়াজ থাকার পরও দ্রব্যমূল্য বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় এটা করা হয়েছে।’ সরকার বাজারে আলু ও পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রাখার ব্যবস্থা করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।