মজুতদারদের বিচারে বিশেষ আদালত গঠনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুতদার ও কালোবাজারিদের দ্রুত বিচার করতে বিশেষ আদালত গঠনের জন্য রাজ্যগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গত বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানিয়েছেন৷ খবর টাইমস অব ইন্ডিয়ার৷
মূল্যস্ফীতি সামাল দিতে মোদি সরকার গত কয়েক সপ্তাহে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে৷ এ ছাড়া বর্ষার গতি-প্রকৃতি বুঝতে মোদি নিজে উদ্যোগী হয়ে জ্যেষ্ঠ মন্ত্রী, কর্মকর্তা ও আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞদের সঙ্গে বসে বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করেছেন৷
মাস খানেক আগে দায়িত্ব নেওয়া মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সরকার মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিল৷ এনডিএ আমলে যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নাগালের মধ্যে থাকে তা নিশ্চিত করতে সরকার শুরু থেকেই তৎপর৷ যদিও সাম্প্রতিক পরিসংখ্যানগুলো বলছে, এরই মধ্যে মূল্যস্ফীতি দৃশ্যমান হতে শুরু করেছে, তবে সরকার তা সামাল দিতে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিচ্ছে৷
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির জন্য মজুতদারিকেই সবচেয়ে বড় কারণ হিসেবে গণ্য করা হয়ে থাকে৷ তাই মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান শুরু থেকেই জানিয়ে আসছে মোদি প্রশাসন৷ মজুতদারদের গ্রেপ্তার ও শাস্তি দেওয়ার ব্যাপারে রাজ্যগুলোর অতীত রেকর্ড ভালো নয়৷ তাই মজুতদারদের দ্রুত বিচার করে শাস্তি দিতে রাজ্যগুলোকে বিশেষ আদালত গঠন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি৷ এভাবে মজুতদারদের কড়া বার্তা দেওয়ার পাশাপাশি দেশজুড়ে খাদ্যপণ্যের পর্যাপ্ত প্রাপ্তি নিশ্চিত করতেও সরকার পদক্ষেপ নিয়েছে৷
সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বৃহস্পতিবার একটি বিবৃতি দেওয়া হয়েছে৷ এতে বলা হয়, ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) কর্মকর্তারা বর্ষা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে অবহিত করেছেন৷ তাঁরা বলেছেন, বর্ষাকাল আসতে দেরি হলেও আগামী জুলাই ও আগস্ট মাসে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে৷