মজুরি বাড়ানোর দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
মজুরি বৃদ্ধির দাবিতে যুক্তরাষ্ট্রের ৬০টি নগরে বিক্ষোভ সমাবেশ করেছেন ফাস্ট ফুড শ্রমিকেরা। গত বৃহস্পতিবার তাঁরা তাঁদের মজুরি দ্বিগুণ করার দাবিতে রাজপথে নেমে আসেন।
বিক্ষোভের কারণে ম্যাকডোনাল্ড, বার্গার কিং, উইন্ডিজ, টাকো বেলসহ প্রধান প্রধান ফাস্টফুড দোকানগুলো কার্যত অচল হয়ে পড়ে। নিউইয়র্ক থেকে ডেট্রয়েট পর্যন্ত নগরগুলোতে ফাস্টফুড শ্রমিকেরা তাঁদের মজুরি ঘণ্টায় ১৫ ডলার করার দাবিতে স্লোগান দিতে থাকেন। যুক্তরাষ্ট্রের ফাস্টফুডের দোকানগুলোতে শ্রমিকদের ন্যূনতম মজুরিতে কাজ করানো হয়। ফেডারেল নীতিমালা অনুযায়ী বর্তমানে ন্যূনতম মজুরি সোয়া সাত ডলার। মূলত অভিবাসী এবং অল্প বয়স্ক শ্রমিকদের দিয়ে এসব ব্যবসা চালানো হয়।
গত নভেম্বর মাস থেকে মজুরি বৃদ্ধির আন্দোলন শুরু হয়েছে। বর্তমানে তা ছড়িয়ে পড়েছে প্রায় সবগুলো নগরে। বড় বড় নগরে বৃহস্পতিবার ফাস্ট ফুড দোকানগুলো বন্ধ রাখতে হয়েছে শ্রমিক অনুপস্থিতির কারণে। ২০০৯ সালের পর যুক্তরাষ্ট্রের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়নি। মজুরি বৃদ্ধি ছাড়াও পূর্ণকালীন কাজের দাবি জানাচ্ছেন ফাস্ট ফুড শ্রমিকেরা। অধিকাংশ ফাস্টফুড দোকানে শ্রমিকদের খণ্ডকালীন কাজ দেওয়া হয়। ফলে নিয়মিত কর্মচারীদের মত এসব শ্রমিকেরা কর্মক্ষেত্রে অন্যান্য সুবিধা থেকেও বঞ্চিত থাকেন। ছুটি, চিকিত্সা বিমা, অবকাশ সুবিধা থেকে বঞ্চিত রাখার জন্যই এসব শ্রমিকদের খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয়।
মার্টিন লুথার কিং এর ‘আই হ্যাভ এ ড্রিম’ বক্তৃতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মজুরি বৃদ্ধির সমাবেশটি আহ্বান করা হয়েছিল। ১৯৬৩ সালে মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং তাঁর ঐতিহাসিক বক্তৃতায় যুক্তরাষ্ট্রের শ্রমিকদের ন্যায়সংগত ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছিলেন। ঐতিহাসিক এ আহ্বানের পর শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় দুই ডলার নির্ধারণ করা হয়েছিল। আন্দোলনরত ফাস্ট ফুড শ্রমিকদের দাবি, জীবন যাত্রার মান এবং মূল্যমানের পরিবর্তনে বর্তমান ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলারের বেশি হওয়ার কথা।
ম্যাকডনাল্ড সহ অন্যন্য ফাস্ট ফুড কোম্পানিগুলো বলেছে, মজুরি বৃদ্ধির পরিণামে তৈরি খাবারের মূল্য বৃদ্ধি পাবে। ব্যবসায় চাপ পড়বে। এমনকি বহু ফাস্ট ফুড দোকান বন্ধ হয়ে পড়বে। ফলে অদক্ষ এবং অল্প বয়স্কদের কর্ম ক্ষেত্র আরো সংকুচিত হবে। বৃহস্পতিবার শ্রমিকদের সমাবেশে স্থানীয় আইন প্রণেতারা যোগ দিয়ে মজুরি বৃদ্ধির দাবির প্রতি সংহতি জানিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামা শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির আইন প্রণয়নের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন।