ভবনের চারপাশে হত্যার উদ্দেশে ঘোরাঘুরি করছে বন্দুকধারীরা। থমথমে অবস্থা চারিদিকে। স্বাভাবিকভাবে যে কেউই জীবন বাঁচাতে দৌড়ে পালাবেন। কিন্তু সে পথে যাননি দুই সন্তানের জননী। বুদ্ধি খাটিয়ে নিজে বেঁচেছেন, বাঁচিয়েছেন দুই সন্তানকে। ঘটনাটি গত শনিবার কেনিয়ার নাইরোবির ওয়েস্টগেট শপিং মলে থাকা এক নারীর।
গতকাল বুধবার ডেইলি মেইল অনলাইন প্রকাশিত এক খবরে এসব তথ্য জানিয়েছে। খবরে একটি ভিডিও সংযোজন করা হয়েছে। এতে দেখা যায়, সন্ত্রাসীরা ভবনে তাণ্ডব চালানোর সময় সেই মা তাঁর ছোট মেয়েকে হাত দিয়ে আগলে রেখে এক পাশে পড়ে আছেন। আর তাঁর বড় মেয়ে একটি শপিং ব্যাগের পাশে নিথর হয়ে শুয়ে আছে। এভাবে কৌশলী হয়ে ভীতিকর পরিস্থিতিকে নিজেদের সামলিয়েছে ওই পরিবার। আর এর পুরস্কারও তাঁরা পেয়েছে। একজন পুলিশ কর্মকর্তা তাদের অবস্থানের বিষয়টি জানতে পেরে সাহায্য করতে আসেন।
সাদা পোশাকে থাকা ওই কর্মকর্তা হামাগুড়ি দিয়ে ওই নারী ও সন্তানদের কাছে যান। তিনি দৃশ্যত ক্যাফেতে থাকা ওই পরিবারকে অল্প সময়ের মধ্যে ওই পরিবারকে পালানোর কথা বোঝাতে পেরেছেন। যদিও দুই সন্তানের মা আগে থেকেই পালাতে প্রস্তুত ছিলেন। তখনো বিপণি বিতানের আশপাশে বন্দুকধারী থাকতে পারে বলে মনে হচ্ছিল।
ঘটনাক্রমে পুলিশ কর্মকর্তা বড় মেয়েকে শোয়া অবস্থা থেকে তুললেন এবং ছোট বাচ্চাটিকে একইভাবে প্রস্তুত করলেন যাতে করে তারা দৌড়াতে পারে। এভাবে সুযোগ বুঝে প্রস্থানের পথ খুঁজে পুরো পরিবারই নিরাপদে সরে যেতে পারল।
পরবর্তী সময়ে এক ছবিতে দেখা যায়, বড় মেয়েটিকে নিরাপদে সরিয়ে নিচ্ছেন একজন কেনিয়ার সেনা। তার কাঁধে তখনো ঝুলছিল ব্যাগটি।
গত শনিবার কেনিয়ার রাজধানী নাইরোবির ওয়েস্টগেট শপিং সেন্টারে হামলা চালায় আল শাবাবের বন্দুকধারীরা। এতে কমপক্ষে ৬১ জন বেসামরিক নাগরিক নিহত হয়।