মডেল থেকে সন্ন্যাসিনী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওঁলা ওলিভারোস
ওঁলা ওলিভারোস

ছিলেন পেশাদার মডেল। একটি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। জনপ্রিয়তারও কমতি ছিল না ওঁলা ওলিভারোসের। সেই তিনি মডেলিং, জনপ্রিয়তা সব বিসর্জন দিয়ে ভিন্ন এক মানুষ হয়ে গেছেন। স্প্যানিশ এই মডেল এখন সন্ন্যাসিনী! জাকাল, খোলামেলা পোশাকের বদলে তাঁর গায়ে এখন নানের পোশাক।

মানুষ বদলাতে পারে, তাই বলে হঠাত্ করে এতটা! কিন্তু কেন? ওঁলা ওলিভারোস জানিয়েছেন, বিশ্বজুড়ে জনপ্রিয়তা, সাফল্যের পরও অসুখী ছিলেন তিনি। উপাসনালয়ে যাওয়ার সময় তিনি নিজের ভেতরে এক ধরনের আলোড়ন অনুভব করতেন।

স্পেনের ন্যাশনাল ক্যাথলিক রেজিস্টারের তথ্য অনুযায়ী, মাদ্রিদে একজন ধর্মযাজকের সঙ্গে দেখা করার পর ওলিভারোস বুঝতে পারেন, ঈশ্বর তাঁকে ডাকছেন।

জনপ্রিয় মডেল থেকে সন্ন্যাসিনী হওয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। ২০০৫ সালে কলম্বিয়ান মডেল আমাদা রোসা প্যারেজ মডেলিং ছেড়ে ধর্মপ্রচারের কাজে মনোনিবেশ করেন। ২০১০ সালে এল টেম্পোকে তিনি বলেছিলেন, ‘আমি এমন এক মডেল হতে চাই যা নারীর সত্যিকারের মর্যাদাকে তুলে ধরবে। নিজেকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে আমি চাই না।’