মদিনায় আগুনে পুড়ে ১৫ জনের মৃত্যু
সৌদি আরবের মদিনায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওমরা করতে যাওয়া ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩০ জন। স্থানীয় সময় গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আল জাজিরা অনলাইন এ খবর জানিয়েছে।
হতাহতের খবর নিশ্চিত করে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় হোটেলে বিভিন্ন দেশের প্রায় ৭০০ মানুষ অবস্থান করছিলেন। মদিনার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা খালেদ-আল-জুহানি জানিয়েছেন, আগুন নেভাতে ১১০ জনের বেশি নিরাপত্তা কর্মী অংশ নেন।
এদিকে মদিনায় নিযুক্ত রেড ক্রিসেন্ট কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা বাওয়া নাইয়ুজ জানায়, অগ্নিকাণ্ডে নিহত ১৫ জনের সবাই মিসরের নাগরিক। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি দেশটির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মিসরের কত জন মানুষ নিহত হয়েছেন, এর সঠিক সংখ্যা জানার চেষ্টা করছেন তাঁরা।
জেদ্দায় নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত আহমেদ জাকি জানান, রক্ষণাবেক্ষণের কাজ থেকে আগুনের সূত্রপাত। মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখবে সরকার।