ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সংগ্রামপুরে বিষাক্ত চোলাই মদ খেয়ে মৃত্যুর ঘটনায় তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, ওই মদে সিপিএম বিষ মিশিয়েছে। তবে সিপিএম অভিযোগ অস্বীকার করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চোলাই মদ খাওয়ার ঘটনায় এ পর্যন্ত ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডায়মন্ড হারবার হাসপাতালে ১২৫ জন, কলকাতার বাঙ্গুর হাসপাতালে ২৬ জন এবং চিত্তরঞ্জন হাসপাতালে মারা গেছে ১৫ জন। ডায়মন্ড হারবার হাসপাতালে এখনো ৯০ জন চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, চোলাই মদে বিষ মেশানোর ঘটনায় সিপিএম জড়িত। তারাই মদে বিষ মিশিয়েছে। তবে বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্র পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ। তাঁর বিশ্রাম প্রয়োজন।’এদিকে চোলাই মদকাণ্ডের জেরে আবগারি দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ১২ জন চোলাই মদকারবারিকে গ্রেপ্তার করেছে।