মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র থেকে আটকে পড়া বিদেশিদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে চাদের ৮০০ নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে কূটনৈতিক চাপে গত শুক্রবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট মিশেল দিজতোদিয়া পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের মধ্য দিয়ে খ্রিষ্টান ও মুসলিমদের সংঘাত থামতে পারে বলে আশা করা হচ্ছে।
গত শুক্রবার প্রতিবেশি দেশ চাদে আঞ্চলিক এক সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন মুসলিম বিদ্রোহী নেতা থেকে প্রেসিডেন্ট হওয়া মিশেল। তাঁর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আঞ্চলিক নেতারা বলেন, ‘এ সিদ্ধান্ত দেশপ্রেমের উজ্জ্বল স্বাক্ষর বহন করে।’
গত বছরের মার্চে মুসলিম সেলেকা বিদ্রোহীদের অভ্যুত্থানের মধ্য দিয়ে খ্রিষ্টান অধ্যুষিত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের ক্ষমতা দখল করেছিলেন মিশেল। পরে মুসলিম ও খ্রিষ্টান বিদ্রোহীদের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি ব্যর্থ হন। কূটনৈতিক চাপের মুখে শেষমেশ পদত্যাগ করেন দেশটির প্রথম এই মুসলিম প্রেসিডেন্ট। তাঁর পথ ধরে প্রধানমন্ত্রী নিকোলাস তিয়ানগায়েও পদত্যাগ করেছেন। তবে প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল সাপে-নেউলে।
প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের খবরে উৎফুল্ল হয়ে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাজধানী বানগুইয়ের রাস্তায় রাস্তায় হাজারো মানুষ নেমে আসে।
প্রায় ১০ মাস ধরে চলা সহিংসতায় দেশটির মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। শুধু গত মাসেই এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়।
কয়েক হাজার বিদেশি নাগরিককে বিভিন্ন আশ্রয়শিবির থেকে জরুরি ভিত্তিতে নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে। ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) পক্ষ থেকে গতকাল শনিবার বলা হয়, বানগুইয়ের একটি আশ্রয়শিবির থেকে বিশেষ বিমানে অন্তত চাদের ৮০০ নাগরিককে প্রথমে সরিয়ে নেওয়া হবে। দেশটিতে আটকে পড়া আফ্রিকার অন্যান্য দেশের অন্তত ৩৩ হাজার মানুষকে জরুরি সহায়তা দেওয়া দরকার। এএফপি ও বিবিসি।