মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র থেকে বেসামরিক মুসলমান নাগরিকদের বের করে দিতে ‘জাতি নির্মূলের’ প্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী এই প্রক্রিয়া প্রতিরোধে অক্ষম। যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি মানবাধিকার সংস্থার এক প্রতিবেদনে গত বুধবার এসব তথ্য প্রকাশিত হয়।
এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছেন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে চলমান বিরোধের কারণে জনসংখ্যায় পরিবর্তন ঘটছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশটিতে ‘বিভাজন’ দেখা দিতে পারে। সেখানে আরও অরাজকতা প্রতিরোধে বিশ্ব সম্প্রদায়কে তৎপর হতে হবে। পরিস্থিতির প্রয়োজনীয়তার তুলনায় আন্তর্জাতিক সাড়া অপর্যাপ্ত। সহিংসতা প্রতিরোধ, বেসামরিক লোকজনের সুরক্ষা, আইনের শাসন প্রবর্তন, মানবিক সহায়তা ও দেশটির ঐক্য বহাল রাখার জন্য কাজ করতে হবে।
এর আগে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জঙ্গি হামলা বন্ধ করতে ‘প্রয়োজনে শক্তি প্রয়োগের’ জন্য আন্তর্জাতিক বাহিনীর প্রতি আহ্বান জানান ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জঁ-ইভ লো দ্রায়া। খ্রিষ্টান-অধ্যুষিত দরিদ্রপীড়িত সাবেক ফরাসি উপনিবেশ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে খ্রিষ্টান জঙ্গিরা অন্তত ২০০ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অ্যামনেস্টি জানায়। গত বছরের মার্চে সেলেকা বিদ্রোহের প্রাক্কালে এসব সহিংসতা ঘটে। ওই বিদ্রোহীরা সরকার উৎখাত করে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে চাইলে খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে লাখ লাখ মানুষ উদ্বাস্তু হয়।
অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের পশ্চিমাংশে (সবচেয়ে জনবহুল অঞ্চল) চলতি বছরের জানুয়ারি থেকে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে ‘জাতি নির্মূল’ প্রক্রিয়া চলছে। পুরো মুসলমান সম্প্রদায়কে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। যারা যেতে পারেনি, তাদের হত্যা করা হয়েছে। খ্রিষ্টান জঙ্গিরা সেখানকার মুসলমানদের ‘ভিনদেশি’ হিসেবে বিবেচনা করে। এএফপি।