মধ্য আমেরিকায় গ্রীষ্মমণ্ডলীয় ঝড় নিহত ১০১, লক্ষাধিক ঘরছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য আমেরিকায় এ মৌসুমের প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহু রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে গেছে। ভূমিধসের ঘটনা ঘটেছে অনেক। ঝড়, বন্যা ও ভূমিধসে গতকাল সোমবার পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস ও মেক্সিকোতে লক্ষাধিক লোক ঘরছাড়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ওই তিন দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।গুয়াতেমালার প্রেসিডেন্ট আলভারো কলোম বলেছেন, মৌসুমি ঝড় আগাথায় তাঁর দেশে ৮২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারটি শিশু রয়েছে। ভূমিধসে ঘরচাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে। বন্যা ও ভূমিধসের কারণে এক লাখ ১২ হাজার লোক ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। আগামী সপ্তাহ নাগাদ স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, পার্শ্ববর্তী দেশ এল সালভাদরে বন্যা ও ভূমিধসের ঘটনায় নয়জনের প্রাণহানি ঘটেছে। হন্ডুরাসে মারা গেছে অন্তত ১০ জন। দেশটির বেশির ভাগ অঞ্চলের বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। হন্ডুরাসের দুই হাজার ২৮৯ জন লোক ঘরছাড়া হয়েছে। গুয়াতেমালায় গত রোববার মধ্যরাতে মৌসুমি ঝড় আগাথা আঘাত হানে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ কিলোমিটার। তবে পরক্ষণেই এটি নিম্নচাপে পরিণত হয়। প্রচণ্ড বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে গুয়াতেমালায় বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এল সালভাদর সরকার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে।গুয়াতেমালায় গত শনিবার থেকে জরুরি অবস্থা চলছে। হন্ডুরাস সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে রোববার। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সে দেশে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়েছে।গুয়াতেমালার সান অ্যান্টোনিও পালোপো নগরের মেয়র আন্দ্রেস কিউমস বলেছেন, সেখানকার একটি গ্রামে ঝড়সংক্রান্ত সবচেয়ে বড় বিপর্যয়ের ঘটনা ঘটেছে। ওই গ্রামে ভূমিধসের ঘটনায় ২৫টি বাড়ি ভেসে গেছে। এতে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন নিখোঁজ রয়েছে। তিনি জানান, দুর্যোগ-পরবর্তী রোগব্যাধি মোকাবিলায় লাশগুলো দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।কলম্বিয়া ও যুক্তরাষ্ট্র সরকার ত্রাণ বিতরণ ও দুর্যোগকবলিত অঞ্চল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য বিমান পাঠানোর প্রস্তাব করেছে। গুয়াতেমালায় প্রেসিডেন্ট জানিয়েছেন, হন্ডুরাসের ঘাঁটি থেকে ছয়টি মার্কিন বিমান গুয়াতেমালার উদ্দেশে রওনা দিয়েছে। মেক্সিকান প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরন জরুরিভাবে বিমান অবতরণের জন্য সীমান্তবর্তী এলাকার বিমানবন্দরগুলো গুয়াতেমালা সরকারকে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন।গুয়াতেমালা সিটির লা অরোরা আন্তর্জাতিক বিমানবন্দর এখনো বন্ধ রয়েছে। পাকায়া আগ্নেয়গিরি থেকে উদিগরণ হওয়া ছাইয়ে আকাশ এবং রানওয়ে ঢেকে যাওয়ায় শুক্রবার এটি বন্ধ করে দেওয়া হয়। পরদিন রাতে আগাথা আঘাত হানায় রানওয়ে থেকে ছাই অপসারণের কাজ দুরূহ হয়ে পড়ে। পরবর্তী সময়ে আরও পাঁচ দিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়।গুয়াতেমালার জাতীয় ভূকম্পবিষয়ক ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা জানান, পাকায়া আগ্নেয়গিরি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তবে, প্রতিষ্ঠানটির পরিচালক ফ্রেডি সানশেজ বলেছেন, ‘আগ্নেয়গিরিটি থেকে অদূর ভবিষ্যতে আবারও ব্যাপক আকারে উদিগরণ হতে পারে।’এল সালভাদরের প্রেসিডেন্ট মোরিশিও ফিউনস দেশে জরুরি অবস্থার ঘোষণা দিয়ে বলেছেন, ঝড়ের গতি কমে এলেও ঝড়-পরবর্তী বন্যা ও ভূমিধসের ব্যাপক আশঙ্কা রয়েছে। এএফপি।