মধ্য ইউরোপে বন্যার আরও অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য ইউরোপের বিভিন্ন অংশে বন্যা-পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা মোকাবিলায় জার্মানিতে ব্যাপক তোড়জোড় চলছে। গতকাল বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ লাখ লাখ বালুভর্তি বস্তা ফেলে নদীতীরের বাঁধগুলো রক্ষায় প্রাণপণ চেষ্টা চালায়।

মধ্য ইউরোপে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যায় ইতিমধ্যে মারা গেছে ১২ জন। বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে বিপুলসংখ্যক মানুষ।

বন্যায় চেক প্রজাতন্ত্রের এলবে নদী অববাহিকাসংলগ্ন বিস্তীর্ণ এলাকা কাদামাখা পানির কারণে বাদামি রঙের সমুদ্রে রূপ নিয়েছে। পূর্ব জার্মানির ভাটি অঞ্চলে কাদাপানিতে তলিয়ে থাকা পরিত্যক্ত অনেক গ্রাম ও শহরে বাড়িগুলোর রঙিন টাইলসের ছাদই কেবল দেখা যাচ্ছে।

দানিয়ুব নদীসংলগ্ন অঞ্চলগুলোতেও একই চিত্র। পানি ফুঁসে ওঠে দক্ষিণ জার্মানির ব্যাভারিয়া রাজ্য এবং অস্ট্রিয়ার অনেক এলাকা প্লাবিত করেছে। হাঙ্গেরিতে দানিয়ুবের পানি সামনের দিনগুলোতে সর্বোচ্চ সীমায় উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বন্যা মোকাবিলায় দেশটিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল তাত্ক্ষণিক ত্রাণসহায়তা হিসেবে ১৩ কোটি ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন। এএফপি।