মধ্য ইউরোপে সফর শুরু হিলারির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মধ্য ইউরোপ ও ককেশাস অঞ্চল সফর শুরু করেছেন। পাঁচ জাতি এ সফরের অংশ হিসেবে গতকাল শুক্রবার তিনি ইউক্রেন পৌঁছেছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছে গতকালই সে দেশের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকভিচের সঙ্গে বৈঠক করেছেন হিলারি ক্লিনটন। এ ছাড়া সে দেশের পররাষ্ট্রমন্ত্রী কস্তিয়ানতিন গ্রিশচেঙ্কো, সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কো, সংবাদকর্মী ও সুশীলসমাজের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে। ইউক্রেন সফরকালে কিয়েভ পলিটেকনিক ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। সেখানে তিনি দেশটির গণমাধ্যমের ক্ষয়িষ্ণু স্বাধীনতার ওপর আলোকপাত করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেন সফর শেষে হিলারি ক্লিনটন আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া ও পোল্যান্ডে যাবেন। আজারবাইজান ও আর্মেনিয়া সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সেখানকার আঞ্চলিক সংকট নিরসনে একটি প্রস্তাব দিতে পারেন। এ ছাড়া আফগানিস্তানে মার্কিন সেনাদের গমনের অধিকতর সুবিধার্থে দুই দেশের সীমানা ব্যবহারের অনুমতি চাওয়ারও সম্ভাবনা রয়েছে। জর্জিয়া সফরকালে সে দেশের সঙ্গে ওয়াশিংটনের বিদ্যমান সুসম্পর্ক টিকিয়ে রাখার ব্যাপারে আশ্বস্ত করতে পারেন হিলারি। সম্প্রতি রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কোন্নয়নের চেষ্টা করা হলেও ওয়াশিংটন জর্জিয়াকে আগের মতোই সমর্থন দিয়ে যাবে—এমন নিশ্চয়তা দিতে পারেন তিনি। বিবিসি।