মধ্য এশিয়ার তিন দেশের সঙ্গে ন্যাটোর চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান থেকে সামরিক সরঞ্জাম স্থানান্তরের লক্ষ্যে কাজাখস্তান, উজবেকিস্তান ও কিরগিজস্তানের সঙ্গে ন্যাটোর চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে ওই তিন দেশের ভূখণ্ডের ওপর দিয়ে ন্যাটো অবাধে সামরিক সরঞ্জাম নিয়ে যেতে পারবে।সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য পাকিস্তানি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না পেয়ে ন্যাটো এই বিকল্প পথ বেছে নেয়। চলতি বছরের শেষ দিকে আফগানিস্তান থেকে ন্যাটোর সেনা ও সামরিক সরঞ্জাম স্থানান্তর শুরু হবে। মধ্য এশিয়ার ওই তিন দেশসহ রাশিয়ার ওপর দিয়ে সরঞ্জাম পরিবহন করা হবে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে ২০১৪ সালের শেষ নাগাদ পুরোপুরি প্রত্যাহার করা হবে। এ সময় সেখান থেকে অস্ত্রশস্ত্র, রসদসহ ১০ হাজার সামরিক যান সরিয়ে নেওয়া হবে। ন্যাটোর মহাসচিব অ্যান্ডারস ফগ রাসমুসেন গত সোমবার বলেন, মধ্য এশিয়ার তিন দেশের সঙ্গে চুক্তি সম্পাদনের ফলে ন্যাটোর সরঞ্জাম পরিবহনে প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।সামরিক সরঞ্জাম স্থানান্তরের জন্য পাকিস্তানই ছিল ন্যাটোর জন্য সবচেয়ে সহজ ও সাশ্রয়ী পথ। কিন্তু মার্কিন ড্রোন হামলায় দেশটির ২৪ সেনা নিহত হওয়ার ঘটনায় পাকিস্তান ক্ষুব্ধ হয় এবং ন্যাটোর চলাচলের পথ বন্ধ করে দেয়।যুক্তরাষ্ট্রকে দুঃখ প্রকাশ করতে হবে—হিনা খার: আফগানিস্তানে রসদ সরবরাহের জন্য পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে চাইলে যুক্তরাষ্ট্রকে দুঃখ প্রকাশ করতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। তিনি গত সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানি ২৪ সেনার মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের ক্ষমা চাওয়া উচিত।মার্কিন সাময়িকী ফরেন পলিসিকে দেওয়া সাক্ষাৎকারে হিনা খার বলেন, বিষয়টি নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রকে দুঃখ প্রকাশ করতে হবে। ওই ঘটনার পরদিনই যুক্তরাষ্ট্রের ক্ষমা চাওয়া উচিত ছিল। বিবিসি, টাইমস অব ইন্ডিয়া ও এএফপি।