মধ্যপন্থী রুহানি ইরানের নতুন প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী ও ধর্মীয় নেতা হাসান রুহানি বিপুল ভোটে জয়ী হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মোস্তাফা নাজ্জার গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।সংস্কারপন্থী হিসেবে পরিচিত রুহানি ছয়জন কট্টরপন্থী প্রার্থীকে হারিয়ে ইরানের ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। গত শুক্রবার ইরানের ১১তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়।মোস্তাফা নাজ্জার জানান, ৬৪ বছর বয়স্ক সংস্কারপন্থী রুহানি এক কোটি ৮৬ লাখ ভোট পেয়েছেন, যা প্রদত্ত ভোটের ৫০ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তেহরানের মেয়র কট্টরপন্থী নেতা মোহাম্মদ বাঘের ঘালিবাফ পেয়েছেন ৬০ লাখ ৭৭ হাজার ২৯২ ভোট, যা প্রদত্ত ভোটের ১৭ দশমিক ৩৩ শতাংশ। রুহানি ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ায় তাঁকে দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নিতে হবে না। রুহানি কট্টরপন্থীদের চরম সমালোচক হিসেবে পরিচিত। তিনি মনে করেন, প্রেসিডেন্ট আহমাদিনেজাদ পশ্চিমা বিশ্বের প্রতি যে ধরনের নীতি অনুসরণ করছেন, তা ইরানকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। রুহানির পেছনে ছিল সাবেক সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও আরেক মধ্যপন্থী সাবেক প্রেসিডেন্ট রাফসানজানিরও সমর্থন। সর্বোচ্চ দুই মেয়াদ ক্ষমতায় থাকার পর কট্টরপন্থী আহমাদিনেজাদ এবার প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন। এএফপি, রয়টার্স, বিবিসি।