মধ্যপ্রাচ্য নীতি পরিবর্তনের সময় এসেছে: রমনি
মধ্যপ্রাচ্যবিষয়ক নীতি নিয়ে বারাক ওবামার একহাত নিলেন মিট রমনি। তিনি গতকাল সোমবার বলেছেন, মধ্যপ্রাচ্যে জঙ্গিবাদের চ্যালেঞ্জ মোকাবিলায় ওবামার তালগোল পাকানো কৌশল ব্যর্থ হয়েছে। তিনি (রমনি) নির্বাচিত হলে মধ্যপ্রাচ্য নীতিতে পরিবর্তন আনবেন।রিপাবলিকান দলের পদপ্রার্থী রমনি ভার্জিনিয়া মিলিটারি ইনস্টিটিউটে এক ভাষণে এসব কথা বলেন। এর মধ্য দিয়ে ওবামা ও রমনির মধ্যে মধ্যপ্রাচ্য নীতিতে যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে, তা আবারও প্রমাণিত হলো।রমনি মধ্যপ্রাচ্য বিষয়ে তাঁর সরকারের পররাষ্ট্রনীতির একটা রূপরেখাও তুলে ধরেছেন। রমনি বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইরানকে নজরদারির মধ্যে রাখবেন। এ ছাড়া লিবিয়ায় সন্ত্রাসীদের পাকড়াও ও মিসরে মার্কিন সাহায্যের ওপর শর্তারোপ করবেন। আর সিরিয়ায় বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সাহায্য করবেন। ওবামা প্রশাসনের সমালোচনা করে রমনি বলেন, বর্তমান শাসনামলে যুক্তরাষ্ট্রবিরোধী অস্থিরতা জিইয়ে রাখা হয়েছে। কিন্তু রমনি প্রশাসন যুক্তরাষ্ট্রবিরোধী কোনো অস্থিরতাই মেনে নেবে না। ওবামাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি জানি, মধ্যপ্রাচ্যে একটা নিরাপদ, উন্মুক্ত ও সম্ভাবনাময় পরিবেশের স্বপ্ন দেখছেন প্রেসিডেন্ট। আমিও একই স্বপ্ন দেখছি। কিন্তু স্বপ্ন কখনো কৌশল হতে পারে না। সময় এসেছে মধ্যপ্রাচ্য নীতি পরিবর্তন করার।’গত ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে চালানো হামলার ঘটনাটিও রমনি তাঁর নির্বাচনী প্রচারণায় তুলে এনেছেন। তিনি বলেন, ওবামা প্রশাসনের দুর্বলতাই জঙ্গিরা কাজে লাগাচ্ছে। গত মাসে আমেরিকার ওপর এই হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা উচিত নয়। মধ্যপ্রাচ্যজুড়ে যে তৎপরতা চলছে, এটা তারই বহিঃপ্রকাশ। এএফপি।