মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা নিয়ে কেরির নতুন প্রচেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে নতুন প্রচেষ্টা শুরু করেছেন। গতকাল থেকে শুরু করে তিন দিন তিনি জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন। তবে পর্যবেক্ষকেরা বলছেন, কেরির এই প্রচেষ্টায় আশাবাদী হওয়ার মতো কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।শান্তির জন্য নতুন প্রচেষ্টা শুরুর অংশ হিসেবে কেরি গত বুধবার রাতে জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছান। গতকাল বাদশা আবদুল্লাহর সঙ্গে মধ্যাহ্নভোজের পর কেরি ইসরায়েল সফরে যান। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজে অংশ নেন তিনি। আজ শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আম্মানে ফিরে যাওয়ার কথা। সেখানে তিনি মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন। খোদ মার্কিন কর্মকর্তারাই ওয়াশিংটনের নতুন প্রচেষ্টা নিয়ে খুব বেশি আশাবাদী না হতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করে দিয়েছেন। আর কেরি সবাইকে পরামর্শ দিয়েছেন ধৈর্য ধরার। জর্ডানের উদ্দেশে কুয়েত ছাড়ার সময় কেরি বলেন, ‘আমরা এমন একটি সময়ের কাছাকাছি এসেছি, যখন কিছু বিচার-বিবেচনা করা প্রয়োজন। যত দ্রুত সম্ভব কিছু একটা করার আহ্বান জানানো প্রয়োজন।’ শান্তি আলোচনার সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দিতে অস্বীকৃতি জানান কেরি। কারণ তিনি জানেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে এ ব্যাপারে নতুন করে কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম। মাহমুদ আব্বাস সার্বিক পরিস্থিতি সাধারণ পরিষদের অধিবেশনে তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান ইসরায়েলের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। কেরি বলেন, ‘সেপ্টেম্বর এখনো অনেক দূর। এই সময়ের মধ্যে আমাদের কিছু অগ্রগতি করা প্রয়োজন।’এই প্রেক্ষাপটে ইসরায়েল কর্তৃপক্ষ পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি সম্প্রসারণের অংশ হিসেবে আরও ৬৯টি আবাসন ইউনিটের অনুমোদন দেওয়ার খবর দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের এ ধরনের কাজ ওয়াশিংটনের নতুন প্রচেষ্টাকে ব্যাহত করবে। তার পরও যুক্তরাষ্ট্র আশাবাদী এই কারণে যে দুই পক্ষই দৃশ্যত আলোচনার টেবিলে ফিরে যাওয়ার তাগিদ অনুভব করছে। ২০১০ সালের সেপ্টেম্বরের পর থেকে ফিলিস্তিন ও ইসরায়েলি নেতাদের মধ্যে সরাসরি কোনো ধরনের আলোচনা বন্ধ রয়েছে।এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল বলেছেন, ইসরায়েলিদের নিজেদের রক্ষা করার সামর্থ্যের ওপর ভিত্তি করেই ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি চুক্তি হতে হবে। কারও ইচ্ছার ওপর ভিত্তি করে কোনো চুক্তি হবে না। ইহুদিদের স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠার আন্দোলনের জনক থিওডর হার্জলের ১০৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতানিয়াহু এ কথা বলেন। এএফপি, রয়টার্স।