মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি বাস্তবায়নে প্রয়োজনে ঝুঁকি নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পুরোনো সংস্কার ঝেড়ে ফেলে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনে ঝুঁকি নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে গতকাল মঙ্গলবার তিনি এই আহ্বান জানান।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তাঁর দেশের জনগণকে রাষ্ট্রের অধিকার অনুমোদনের জন্য দুই বছর আগে জাতিসংঘের বার্ষিক সম্মেলনে জোর দাবি করেছিলেন। সেই দাবির প্রতি সমর্থন জানিয়ে ওবামা মধ্যপ্রাচ্য বিরোধ মেটানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের মতপার্থক্য এবং ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে বিরোধ থাকা সত্ত্বেও আমরা তা মেটাতে দৃঢ়প্রতিজ্ঞ।’
প্রায় তিন বছর থেমে থাকার পর চলতি বছরের জুলাইয়ে মধ্যপ্রাচ্য শান্তি-প্রক্রিয়া আবার শুরু হয়। আলোচনার টেবিলে ফিরে আসায় ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসের প্রশংসা করেন ওবামা। তিনি বলেন, ‘এখন চূড়ান্ত দফার আলোচনার কেন্দ্রে থাকবে সীমান্ত ও নিরাপত্তা, উদ্বাস্তু ও জেরুজালেম প্রসঙ্গ। তাই আমাদের ঝুঁকি নেওয়ার মানসিকতা রাখতে হবে।’
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সংকট দূর করতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান ওবামা।
ওবামা বলেন, দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে সমঝোতার জন্য একটি ভিত্তি থাকা দরকার। কিন্তু এ পথে প্রতিবন্ধকতাগুলো জয় করা কঠিন। এএফপি, বিবিসি।