ফিলিস্তিন-ইসরায়েল শান্তি উদ্যোগের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার পার্শ্ববর্তী জর্ডান সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ শান্তি আলোচনা সফল করতে কেরিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এর আগে গত বুধবার কেরি পৃথকভাবে ইসরায়েল ও ফিলিস্তিনের শীর্ষ নেতা ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তাঁরা ইহুদি বসতিসহ বিভিন্ন বিষয়ে গভীর মতানৈক্যের কারণে এই শান্তি আলোচনা থেকে কোনো ফল পাওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। সব মিলিয়ে শান্তি প্রক্রিয়া নিয়ে নৈরাশ্য বিরাজ করছে।
জর্ডানের রাজধানী আম্মানে বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন কেরি। বৈঠকে এই শান্তি প্রক্রিয়াকে সফল করতে জর্ডানের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন বাদশাহ।
আম্মানে গতকালই ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আরও এক দফা বৈঠক করার কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। আগামীকাল শনিবার সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন কেরি।
বসতি সম্প্রসারণকে অবৈধ বললেন কেরি: গত বুধবার বেথলেহেমে প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠকের পর জন কেরি বলেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ কর্মসূচিকে অবৈধ বলে মনে করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আগেও তা বলেছে। কেরি বলেন, ‘পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণকে আমরা সব সময় অবৈধ বলে বিবেচনা করি। আমি এটা স্পষ্ট করে বলতে চাই, একদিকে বসতি সম্প্রসারণ চলবে, অন্যদিকে আলোচনাও চলবে—বিষয়টি ফিলিস্তিনিরা কখনো মেনে নেয়নি। তার মানে এটা নয় যে, ফিলিস্তিনিরা জানতেন না, বা আমরা জানতাম না—ইসরায়েল বসতি সম্প্রসারণের কাজ চালিয়ে যাবে।’
ইসরায়েল গত সপ্তাহে আবার তিন হাজার ৭০০ বাড়ি নির্মাণের কাজ শুরু করেছে। এএফপি।