মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শিগগিরই ইসরায়েল, পশ্চিম তীর ও জর্ডান সফর করবেন। প্রেসিডেন্ট হিসেবে ওই অঞ্চলে এটাই হবে তাঁর প্রথম সফর। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মাসে পুনর্নির্বাচিত হওয়ার পর তাঁকে ফোন করে অভিনন্দন জানান ওবামা। সেই সময় এই সফর নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।ওবামার মধ্যপ্রাচ্য সফর নিয়ে হোয়াইট হাউস বিস্তারিত না জানালেও ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেল জানায়, আগামী ২০ মার্চ মধ্যপ্রাচ্য সফরে আসবেন ওবামা।যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র টমি ভিয়েটর বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক সুসংহত করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ওবামার দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচন এবং ইসরায়েলের নতুন সরকার গঠন সুযোগ বয়ে আনতে পারে। তিনি আরও বলেন, এই সুযোগে ইরান ও সিরিয়ার অভিন্ন উদ্বেগজনক ইস্যুগুলো নিয়েও আলোচনা করা যাবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেই কার্নি বলেন, মধ্যপ্রাচ্য সফরকালে প্রেসিডেন্ট ওবামা ওই অঞ্চলের ইস্যুগুলো নিয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষ ও জর্ডানের সঙ্গেও আলোচনা করবেন।ওবামা সর্বশেষ ইসরায়েল ও জর্ডান সফর করেন ২০০৮ সালে। তবে প্রেসিডেন্ট হিসেবে নয়, প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর দীর্ঘ সময়েও ইসরায়েল সফর না করায় ইসরায়েলপন্থী মার্কিনরা তাঁর সমালোচনা করে আসছিল। প্রথম মেয়াদে মিসর সফর করলেও মিত্র রাষ্ট্র ইসরায়েল সফর না করায় হতাশা প্রকাশ করে ইসরায়েলিরা। নেতানিয়াহুর সঙ্গে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ওবামার সম্পর্ক দহরম মহরম নয় বলে প্রচলিত আছে। ধারণা করা হচ্ছে, ওবামা সরকারের ব্যাপারে ইসরায়েলিদের মধ্যযে সন্দেহ দেখা দিয়েছে এই সফরের মধ্য দিয়ে ওবামা তা নিরসন করার চেষ্টা করবেন। বিবিসি।