মধ্যপ্রাচ্যে অভিন্ন স্বার্থে উষ্ণ হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশি দিন আগের কথা নয়। ইরানের কাছে যুক্তরাষ্ট্র ছিল একটি ‘বিরাট শয়তান’। আর ইরানকে ওয়াশিংটন এমন একটি ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ বিবেচনা করত, যেটি ‘শয়তানের অক্ষ’। এখন পাল্টাচ্ছে পরিস্থিতি। বর্তমানে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আশার প্রদীপ জ্বলছে দুই বৈরী দেশের সম্পর্কে। চলমান সংকটে একসঙ্গে কাজ করার উপায় খুঁজছে তারা।
আদর্শগত দিক দিয়ে বিস্তর ব্যবধানের কারণেই দীর্ঘদিন ধরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পাশ্চাত্যের শত্রুতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তবে আফগানিস্তান, সিরিয়া ও ইরাকের উদ্বেগজনক পরিস্থিতি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নতুন বীজ বুনেছে।
১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর তেহরানে মার্কিন দূতাবাসে হামলার ঘটনার মধ্য দিয়ে ৩৫ বছর আগে ওয়াশিংটন-তেহরান কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। দূতাবাসের কর্মীদের টানা ৪৪৪ দিন অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সম্পর্কের সেই ফাটলে জোড়া লাগার মতো সম্ভাবনা এখনো অনেক দূরের বিষয় বলেই মনে করা হয়। তবে গত বছর ওমানে একটি গোপন সংলাপে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সদিচ্ছা এবং ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে হাসান রুহানির দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে সম্পর্কের পথে চলার সূচনা হয়। এরই ধারাবাহিকতায় গত নভেম্বরে ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছায় উভয় পক্ষ।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নেটওয়ার্কের নির্বাহী পরিচালক জন ব্রাড্শ বলছেন, ‘দুই দেশ একে অন্যের কাছাকাছি আসছে। ইসরায়েলের মতো অনেক ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে আমাদের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র অন্যান্য বাস্তবধর্মী উপায়ের দিকেও হাঁটছে।’
যুক্তরাষ্ট্র ও ইরানের সাধারণ উদ্বেগের একটি ক্ষেত্র হচ্ছে আফগানিস্তান। ওই দেশে তালেবানের উত্থান দুই দেশের কেউই চায় না। আরএএনডি করপোরেশনের আন্তর্জাতিক নীতিবিষয়ক জ্যেষ্ঠ গবেষক আলীরেজা নাদের মনে করছেন, এ ক্ষেত্রে ঐতিহাসিক নজির রয়েছে। তিনি ২০০১ ও ২০০২ সালে আফগানিস্তানে তালেবান-পরবর্তী সরকার গঠনে উভয় দেশের সহযোগিতার প্রতি ইঙ্গিত করেন। গবেষক নাদের বলেন, ‘আফগানিস্তান থেকে মাদকদ্রব্য ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে তেহরান ও ওয়াশিংটন উদ্বিগ্ন। এটা ইরানের জন্য বিরাট সমস্যা। তাই পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত বিরোধের সমাধান হলে এ বিষয়টিকেই সহযোগিতার ক্ষেত্রে সবচেয়ে বড় সম্ভাবনা হিসেবে আমি দেখি।’
নাদের আরও বলেন, আরেকটি ক্ষেত্র হচ্ছে সিরিয়া। যুক্তরাষ্ট্র ও ইরান সিরিয়া প্রশ্নে বিপরীত মেরুতে অবস্থান নিলেও উভয় দেশই সেখানে লড়াইয়ের অবসান চায়। সিরিয়ায় সুন্নিপন্থী আল-কায়েদার উত্থানে ওয়াশিংটন ও তেহরান উদ্বিগ্ন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন, সিরিয়া-সংকট নিরসনে চলতি মাসের শেষের দিকে জেনেভায় শান্তি সম্মেলনে ইরানও ভূমিকা রাখতে পারে।
আবার আল-কায়েদার উত্থানে ইরানের অবস্থান ইরাক বিষয়েও তেহরান-ওয়াশিংটনকে একই কাতারে নিয়ে যেতে পারে। ফালুজা, হামাদিসহ ইরাকের আনবার প্রদেশের কয়েকটি এলাকায় সম্প্রতি আল-কায়েদার সঙ্গে ঘনিষ্ঠ জঙ্গিদের উত্থান ঘটে। তাদের সেখান থেকে হটিয়ে দিতে চলতি সপ্তাহে ইরাককে সামরিক সহায়তা ও পরামর্শ দেওয়ার প্রস্তাব দেন ইরানের ডেপুটি চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ হেজাজি। যুক্তরাষ্ট্রও তখন ইরাক সরকারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়।
তবে বাস্তবতা হচ্ছে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ওয়াশিংটন ও তেহরান নিজেদের প্রভাব বৃদ্ধি নিয়ে কাজ করছে। তাই দেশ দুটি মৈত্রীর বন্ধন গড়তে যাচ্ছে, এমনটি ভাবা ঠিক হবে না। গবেষক নাদের বলেন, ‘মধ্যপ্রাচ্যে একে অন্যকে সহায়তার অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র ও ইরান একে অন্যের মিত্র হয়ে গেছে। আসলে কিছু আঞ্চলিক সমস্যা সমাধানে একে অন্যের সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হলো মাত্র।’ এএফপি।