মধ্যপ্রাচ্যে কম বয়সী নারী কর্মী পাঠাবে না নেপাল
মধপ্রাচ্যের বিভিন্ন দেশে ৩০ বছরের কম বয়সী নারী কর্মীদের পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। মধ্যপ্রাচ্যে নারী কর্মীদের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগের মুখে নেপাল এ সিদ্ধান্ত নিয়েছে।নেপালের তথ্যমন্ত্রী রাজ কিশোর যাদব বলেন, উপসাগরীয় দেশগুলোতে তরুণী গৃহকর্মীদের ওপর যৌন ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে। তাই ৩০ বছরের কম বয়সী নারী কর্মীদের মধ্যপ্রাচ্যে পাঠানো বন্ধ রাখার ব্যাপারে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। ত্রিশোর্ধ্ব নারীদের বিদেশে এ ধরনের নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকি কম।মধ্যপ্রাচ্যে নারী কর্মীদের ওপর শারীরিক ও যৌন নির্যাতন, নিকৃষ্ট পরিবেশে জীবনযাপনে বাধ্য করা, বিনা পারিশ্রমিকে কাজ করানোর অভিযোগ প্রায় নিয়মিত। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে নেপালি নারী শ্রমিক পাঠানো ২০ বছর ধরে বন্ধ ছিল। কুয়েতে নির্যাতিত নেপালি এক তরুণী কর্মীর আত্মহত্যার ঘটনা নেপালে ব্যাপকভাবে আলোচিত হওয়ার পর দেশটির সরকার ওই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় মাত্র দেড় বছর আগে। এর মধ্যে দেশটির সরকার অনূর্ধ্ব-৩০ নারী শ্রমিকদের মধ্যপ্রাচ্যে পাঠানো বন্ধের সিদ্ধান্ত নিল।গৃহকর্মীর কাজ নিয়ে নেপাল থেকে প্রতিদিন প্রায় এক হাজার মানুষ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যায়। সরকারি হিসাবের বাইরেও অন্তত দুই লাখ নেপালি নারী মধ্যপ্রাচ্যে কাজ করেন। তাঁদের অনেকেই নির্যাতনের শিকার হয়ে স্থানীয় নেপালি দূতাবাসগুলোতে আশ্রয় প্রার্থনা করে থাকেন। বিবিসি।