সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তিউনিসিয়া ও মিসরের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে বলেছেন, গণজাগরণের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন যুগের সূচনা হয়েছে। মধ্যপ্রাচ্যকে নিস্পৃহতার রোগে পেয়ে বসেছে। চলমান এই নিশ্চল ও নির্জীব পরিস্থিতি কাটিয়ে উঠতে এ অঞ্চলের রাজনীতিতে সংস্কার আনা দরকার। সে জন্য এখানকার নেতাদের নিজেদের ‘হালনাগাদ’ করতে হবে। গতকাল সোমবার মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।আসাদ বলেন, ‘রাষ্ট্র ও প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আমাদের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে। সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যেই পরিবর্তন আনতে হবে।’তিউনিসিয়া ও মিসরের সরকারের বিরুদ্ধে গণজাগরণের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আসাদ বলেন, তিউনিসিয়া ও মিসরের মতো এ অঞ্চলের অনেক দেশেই দশকের পর দশক ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতাবস্থা বিদ্যমান রয়েছে। এ ছাড়া এসব দেশের নেতাদের আদর্শিক দুর্বলতা ও অভ্যন্তরীণ বিষয়ে বহির্বিশ্বের অযাচিত হস্তক্ষেপ জনগণকে ধীরে ধীরে খেপিয়ে তুলেছে। সেই পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরিত হওয়ার কারণে তিউনিসিয়া ও মিসরের রাজপথে মানুষ নেমে এসেছে।আসাদ বলেন, ‘আপনি যদি জলাবদ্ধ জায়গায় বছরের পর বছর আটকা পড়ে থাকেন, তাহলে দূষণ ও রোগজীবাণু আপনাকে আক্রমণ করবে। আরব অঞ্চলেরও একই দশা হয়েছে। অচলায়তনের জীবাণু আমাদের দিকে এখন প্লেগের মতো ধেয়ে আসছে।’বাশার আল আসাদ এই গণজাগরণকে ‘নতুন যুগ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ইরানের বিপ্লবের মধ্য দিয়ে এ যুগের সূচনা হয়েছিল। মিসর ও তিউনিসিয়ায় যা ঘটল, সে রকম পরিস্থিতির আগেই নিজেদের মধ্যে সংস্কার আনা না গেলে আত্মশুদ্ধির আর সময় পাওয়া যাবে না।বাশার আল আসাদ ২০০০ সালে তাঁর বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। হাফেজ আল আসাদ মৃত্যুর আগে টানা তিন দশক প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ছিলেন।পিতা ও পুত্র টানা ৪০ বছর ধরে সিরিয়া শাসন করায় তাঁর দেশে মিসরের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে কি না, সে প্রশ্নের জবাবে আসাদ বলেন, তাঁর দেশের ক্ষেত্রে সেটি হবে না। তিনি বলেন, মিসর যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে এসেছে। অন্যদিকে, সিরিয়াকে নানাভাবে কোণঠাসা করে রাখা হয়েছে। তা সত্ত্বেও সিরিয়া যথেষ্ট স্থিতিশীল। তার জনগণও বিচারবুদ্ধিসম্পন্ন। তিনি আশা করেন, প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার সাধনের জন্য জনগণ তাঁকে যৌক্তিক সময় দেবে।বাশার আল আসাদ ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সে দেশে সংস্কার আনার ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সিরিয়ায় গণতান্ত্রিক পরিবেশ আনা হয়নি। মিসরের মতো সিরিয়ায়ও অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করার আইন আছে। সেখানে বর্তমানে একদলীয় রাজনীতি ও সরকার-নিয়ন্ত্রিত একটিমাত্র সংবাদমাধ্যম রয়েছে।তবে সাক্ষাৎকারে আসাদ বলেছেন, তিনি তাঁর দেশে দ্রুত সংস্কার সাধন করবেন। পৌরসভা নির্বাচন দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক সংস্কারের যাত্রা শুরু হবে। একই সঙ্গে সে দেশে এনজিওর কার্যক্রম সম্প্রসারণ করা হবে এবং একাধিক সংবাদমাধ্যম অনুমোদন করা হবে বলেও তিনি জানান। এএফপি।