মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা অতিরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে তা গোটা মধ্যপ্রাচ্যে এই অস্ত্রের প্রতিযোগিতাকে উসকে দিতে পারে—এমন আশঙ্কা আসলে অতিরঞ্জিত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা গোষ্ঠী সিএনএএস মঙ্গলবার এক প্রতিবেদনে এই দাবি করেছে। এর সপক্ষে যুক্তি দিয়ে গোষ্ঠীটি বলেছে, পরমাণু অস্ত্র তৈরিতে সৌদি আরবের মতো দেশগুলোর উৎসাহে বিরাট ঘাটতি রয়েছে।পশ্চিমা দেশগুলোর ধারণা, ইরান বেসামরিক পরমাণু বিদ্যুৎ কর্মসূচির আড়ালে পরমাণু বোমা নির্মাণের চেষ্টা চালাচ্ছে। তবে তেহরান এ ধারণা প্রত্যাখ্যান করে আসছে।পশ্চিমাদের বিশ্বাস, বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারক ও সুন্নি মুসলিম অধ্যুষিত দেশ সৌদি আরব শিয়া মুসলিমশাসিত ইরানের সঙ্গে ভয়াবহ শত্রুতায় জড়িয়ে আছে। যদি ইরান পরমাণু অস্ত্র নির্মাণ করে, তবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবও এই অস্ত্রের অধিকারী হওয়ার সর্বাত্মক চেষ্টা চালাবে।পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, ইরানের পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া মিসর ও তুরস্ককেও এই অস্ত্র লাভে উৎসাহিত করবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু অস্ত্রক্ষমতাধর দেশ ইসরায়েল হলেও সে তার সক্ষমতার বিষয়ে ঘোষণা দেয়নি।২০১১ সালের ডিসেম্বরে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল-ফয়সাল বলেন, ইরান পরমাণু অস্ত্র বানালে তাঁর দেশও এটি বানানোর বিষয় বিবেচনা করবে। একই সঙ্গে রিয়াদ নিজস্ব তেলভান্ডারের ওপর চাপ কমাতে ২০৩২ সালের মধ্যে ১৭ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক প্লান্ট স্থাপনের ঘোষণা দেয়।তবে সব ধারণা ও আশঙ্কাকে খাটো করে মার্কিন গবেষণা গোষ্ঠীর প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রচলিত এসব ভাবনা সম্ভবত সঠিক নয়।’ তা ছাড়া, সৌদি আরব যদি পারমাণবিক বোমা পেতেই চায় সে ক্ষেত্রে এটি তৈরিতে দেশটির উৎসাহের যথেষ্ট ঘাটতি রয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, মিসর ইরানের পরমাণু অস্ত্রের অধিকারী হওয়াকে কোনো বাস্তবসম্মত হুমকি বলে মনে করে না। অপরপক্ষে ন্যাটোর নিরাপত্তা নিশ্চয়তার অধীন তুরস্কের পরমাণু হামলা ঠেকানোর ব্যবস্থা রয়েছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তাসংক্রান্ত নীতি উন্নয়নে নিয়োজিত দলনিরপেক্ষ গোষ্ঠী সিএনএএস ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। এই গোষ্ঠীর ওই প্রতিবেদন রচয়িতাদের মধ্যে রয়েছেন—মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী কলিন কোল ও পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষজ্ঞ মেলিসা ডালটন। রয়টার্স।