মধ্যপ্রাচ্যের প্রথম নারী ট্রেনচালক মরিয়ম
নারীদের পর্দার অন্তরালে রাখতে মধ্যপ্রাচ্যে রয়েছে কঠোর আইন। আর নারীর স্বাধীনতা নিয়ে এ অঞ্চলে চলছে নানা বিতর্ক। কিন্তু সব বিতর্ক ও প্রতিকূলতাকে জয় করে নিজের লক্ষ্যে পৌঁছে সবার কাছে অনুকরণীয় হয়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এক তরুণী।দুবাইয়ে জন্ম নেওয়া ২৮ বছর বয়সী এ তরুণীর নাম মরিয়ম আল সাফার। সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে তিনি ইউএইর মেট্রোট্রেনের চালক হিসেবে চাকরি পেয়েছেন। শুধু ইউএইতেই নয়, পুরো মধ্যপ্রাচ্যেই তিনিই প্রথম নারী ট্রেনচালক।অত্যন্ত দক্ষতার সঙ্গেই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে ট্রেন চালাচ্ছেন মরিয়ম, যদিও এ পেশায় আসার আগে পরিবারের কাছ থেকে তাঁকে অনেক বাধার মুখোমুখি হতে হয়েছিল।প্রথম নারী হিসেবে ট্রেন চালনার সুযোগ পেয়ে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছেন মরিয়ম। মধ্যপ্রাচ্যের অনেক দেশে নারীদের গাড়ি চালানোরও অনুমতি নেই। সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর বিষয় নিয়ে বিতর্ক চলছে। গাড়ি চালানোর অপরাধে অনেক নারীকে গ্রেপ্তার করাও হয়েছে। সে জায়গায় মরিয়ম বিশাল একটি ট্রেন নিয়ে ছুটছেন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে।গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিয়ম বলেন, ‘আমি সব সময়ই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি; কোনো কিছুতেই ভয় পাই না। আমি কঠোর পরিশ্রম করতে রাজি আছি এবং আমার পেশাই আমার কাছে সবকিছু। এ পেশায় এসে মানুষের সঙ্গে কীভাবে আচরণ করতে হয়, সেটি বুঝতে পারছি। বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে। এ ছাড়া বিভিন্ন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হবে, সে বিষয়ও আমার আয়ত্তে চলে আসছে।’ অবিবাহিত মরিয়ম আরও বলেন, প্রত্যেকের একটি লক্ষ্য থাকা উচিত এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়া উচিত। তিনি ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে প্রচলিত চাকরির কথা চিন্তা না করে অন্য রকম কিছু করার জন্য নারীদের আহ্বান জানান।