মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক আন্দোলন সেনানিয়ন্ত্রিত মিয়ানমারের জনগণের জন্য একটি অনুপ্রেরণা। বিবিসি রেডিওকে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেছেন। গতকাল মঙ্গলবার তাঁর এই বক্তব্য প্রচার হওয়ার কথা। তাঁর এই বক্তব্যের অনুুলিপি দ্য টাইমস অব লন্ডন পত্রিকায় প্রকাশিত হয়েছে।নোবেলজয়ী নেত্রী সু চি বলেন, ‘মিসরে খুব দ্রুত ও সহজে যে বিপ্লব ঘটেছে, এতে আমরা মিয়ানমারের লোকজন খুব ঈর্ষান্বিত।’ তিনি বলেন, ‘মিয়ানমারের মানুষের জন্য আরব বিদ্রোহ অনুপ্রেরণা হওয়ার কারণ কী? কারণটি হচ্ছে, আমরা এ ধরনের বিদ্রোহ নিজেদের ভেতর লালন করছি।’ সু চি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি মানুষের মুক্ত হওয়ার সর্বজনীন আকাঙ্ক্ষাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। এসব ঘটনায় অন্য সব স্থানের মতো মিয়ানমারের মানুষও রোমাঞ্চিত।মিয়ানমারে ১৯৮৮ ও ২০০৭ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। দুটি বিক্ষোভের ঘটনাই কঠোর হাতে দমন করে তৎকালীন সামরিক জান্তা।গত নভেম্বর মাসে দীর্ঘদিনের গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান সু চি। বিতর্কিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাঁকে মুক্তি দেওয়া হয়। সু চি এখন দেশব্যাপী রাজনৈতিক সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মুক্ত হওয়ার পর এটি হবে তাঁর প্রথম সফর। এ ব্যাপারে সময়সূচি এখনো জানানো হয়নি। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির জন্য নিরাপত্তা একটি বড় বিষয়।২০০৩ সালে একবার সু চির গাড়ির বহরে অতর্কিতে হামলা চালানো হয়। এখনো সে আশঙ্কা রয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সহিংস বিরোধিতার মুখোমুখি হলেও সু চি কখনো সেভাবে তাঁর প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করেননি। তাঁর প্রতিবাদের ভাষা সব সময়ই ছিল শান্তিপূর্ণ।১৯৯০ সালের নির্বাচনে সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বিপুল ভোটে জয়লাভ করে। কিন্তু তৎকালীন সামরিক জান্তা তাঁর জয় মেনে নেয়নি। নিরপেক্ষ হবে না বলে গত বছর অনুষ্ঠিত দেশের সাধারণ নির্বাচন বর্জন করেন সু চি। এএফপি।