মধ্যপ্রাচ্যের শান্তির জন্য প্রার্থনা করলেন পোপ বেনেডিক্ট
শান্তি ও ঐক্যের জন্য মধ্যপ্রাচ্যের নেতারা যেন একসঙ্গে কাজ করতে পারেন—এই প্রার্থনা করেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। তিন দিনের লেবানন সফরের শেষ দিনে গতকাল রোববার দেশটির রাজধানী বৈরুতে তিনি এ প্রার্থনা করেন।পোপকে দেখার জন্য বৈরুতের খোলা ময়দানে জড়ো হয় প্রায় সাড়ে তিন লাখ মানুষ। পোপ একটি বিশেষ গাড়িতে করে সেখানে পৌঁছালে সমবেত মানুষ লেবানন ও ভ্যাটিকানের পতাকা নেড়ে তাঁকে স্বাগত জানায়। এ সময় পোপও তাদের উদ্দেশে হাত নাড়েন।সমবেত মানুষের উদ্দেশে পোপ বেনেডিক্ট বলেন, বিশ্বে সহিংসতায় প্রতিদিন বহু মানুষের মৃত্যু হচ্ছে। অনেক কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তাই বিশ্বে শান্তি ও সুবিচার খুবই জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, শত শত বছর ধরে লেবাননে খ্রিষ্টান ও মুসলিম সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। এটা মধ্যপ্রাচ্যের সব ধর্মের মানুষের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।সিরিয়া ইস্যুতে লেবাননের নেতারা স্পষ্টত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। তবে পোপ সিরিয়ার বিষয়ে নেতাদের সঙ্গে কোনো কথা বলেননি। পোপ আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের সব মানুষ যেন শান্তি ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে; সে জন্য আমি প্রভুর কাছে সেবাদাস প্রেরণের প্রার্থনা করছি।’সর্বশেষ ১৯৯৭ সালে পোপ দ্বিতীয় জন পল লেবানন সফর করেছিলেন। এএফপি ও বিবিসি।