মধ্যস্থতা করার জন্য ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কায়রোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের অন্তর্বর্তী সরকার ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পক্ষের মধ্যে মধ্যস্ততা করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন এখন কায়রোতে রয়েছেন। তিনি দেশটির চলতি সংকট নিয়ে মুসলিম ব্রাদারহুড, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি ও প্রেসিডেন্ট আদলি মানুসরের সঙ্গে বৈঠক করবেন। গতকাল সোমবারই ওই বৈঠক হওয়ার কথা। এক বিবৃতিতে অ্যাস্টন মুসলিম ব্রাদারহুডসহ সব পক্ষকে সম্পৃক্ত করে মিসরে ক্ষমতার পালাবদলের প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান। তিনি হতাহতের ঘটনার নিন্দা জানান। ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি অ্যাস্টনের সঙ্গে বৈঠকে অংশ নেবে বলে নিশ্চিত করেছে। তবে তারা বলেছে, মুরসিকে ক্ষমতায় পুনর্বহাল করা না হলে কোনো সমাধান তারা মানবে না। এএফপি।