মনমোহন-জারদারি বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে আজ রোববার বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভারতের রাজধানী নয়াদিল্লিতে তাঁদের এই বৈঠক হবে রুদ্ধদ্বার।রাজস্থান রাজ্যের আজমিরে খাজা মইনুদ্দিন চিশতি (রহ.)-এর মাজার দর্শনের জন্য ভারতে ব্যক্তিগত সফরে আসছেন জারদারি। তাঁকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছেন মনমোহন। মধ্যাহ্নভোজের আগে বৈঠকে বসবেন দুই নেতা। কিন্তু এটা তাঁদের একান্ত বৈঠক এবং সেখানে অন্য কেউ উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।বৈঠকে দুই নেতা কী নিয়ে আলোচনা করবেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে তাঁদের আলোচনায় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় অবশ্যই থাকবে। ভারত সফরে আসার আগে জারদারি তাঁর দেশের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান ও গোয়েন্দা বৈঠকের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। এ থেকেই বোঝা যাচ্ছে, ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে জারদারি নিশ্চয় সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইবেন।বৈরী দুই দেশের দুই নেতার মধ্যে আলোচনার এই সুযোগ অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে শুধু এই আলোচনার পরিপ্রেক্ষিতে ভারতীয় প্রধানমন্ত্রীর পাকিস্তান সফরের পথ তৈরি হবে, এমনটা আশা করা যাচ্ছে না। কেননা, মুম্বাই হামলার ঘটনার বিচারে পাকিস্তান কোনো গ্রহণযোগ্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ভারতীয় প্রধানমন্ত্রী পাকিস্তান সফরে গেলে তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে হইচই শুরু হতে পারে।দুই দেশের মধ্যে থমকে থাকা সমন্বিত সংলাপের প্রক্রিয়া নিয়ে দুই নেতা আলোচনা করবেন বলে মনে হচ্ছে না। বরং এই দুই দেশের সম্পর্কে অচলাবস্থা সৃষ্টি করেছে যেসব রাজনৈতিক সমস্যা, সেগুলো নিয়েই হয়তো তাঁরা কথা বলবেন। এপি।