মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করলেন সু চি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি গতকাল বুধবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহেরুর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।সু চি প্রায় ২৫ বছর পর গত মঙ্গলবার কয়েক দিনের সফরে নয়াদিল্লি পৌঁছান। এ সময় তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। সর্বশেষ ১৯৮৭ সালে তিনি ভারত সফর করেছিলেন। ষাটের দশকে সু চি নয়াদিল্লির লেডি শ্রীরাম কলেজের ছাত্রী ছিলেন। তাঁর মা খিন কি তখন ভারতে মিয়ানমারের (তৎকালীন বার্মা) রাষ্ট্রদূত ছিলেন। ভারত ও মিয়ানমার দুই দেশেই ব্রিটিশ উপনিবেশ ছিল। সু চির বাবা অং সান মিয়ানমারের স্বাধীনতা আন্দোলনের একজন বীর। ব্যক্তিগতভাবে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর বন্ধুও ছিলেন। গতকাল সকালে সু চি জওহরলাল নেহেরু স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর নয়াদিল্লির বাসভবনে মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেন। পরে নয়াদিল্লিতে সম্মানসূচক জওহরলাল নেহেরু স্মারক বক্তৃতা দেন সু চি। আগামীকাল শুক্রবার তিনি নয়াদিল্লির লেডি শ্রীরাম কলেজ পরিদর্শনে যাবেন। এই কলেজ থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন।শান্তিতে নোবেল পুরস্কার জয়ী সু চি মিয়ানমারে রাজনৈতিক সংস্কারের বিষয়ে খুব বেশি আশাবাদী না হতে ভারতের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, খুব বেশি আশাবাদী হবেন না। তবে মিয়ানমারের রাজনৈতিক সংস্কারের জন্য যা কিছু প্রয়োজন, তার জন্য দেশটির নেতাদের উৎসাহ দিতে হবে। এদিকে কয়েকটি মানবাধিকার সংগঠন মিয়ানমারে রোহিঙ্গা-সংকট সমাধানে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছে। এএফপি।