মনমোহনকে ব্যর্থ বললেন কয়লামন্ত্রী
বলিষ্ঠ নেতৃত্ব দিতে না পারায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ব্যর্থ হয়েছেন মনমোহন সিং। তিনি কখনোই রাজনীতিবিদ ছিলেন না। তাই তিনি সমঝোতার রাজনীতির মারপ্যাঁচ বুঝতে পারেননি। গতকাল মঙ্গলবার এনডিটিভিকে এসব কথা বলেছেন ভারতের কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জাইসওয়াল।
কংগ্রেসের নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রীকে কেন দেখা যাচ্ছে না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাইসওয়াল বলেন, লোকসভা নির্বাচনের চলমান প্রচারণা কার্যক্রমে কংগ্রেসের পক্ষে তিনি অংশ নিতে পারেন না। কারণ, তিনি প্রধানমন্ত্রী। তিনি বলেন, হঠাৎ রাজনীতিতে এসে প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি তাঁর প্রথম মেয়াদে বেশ ভালো কাজ করেছেন। তবে দ্বিতীয় মেয়াদে এসে সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) ঐকমত্যের সরকারে তিনি ভালো করতে পারেননি। ঐকমত্যের সরকার পরিচালনা করা কঠিন কাজ। তিনি যেহেতু রাজনীতিবিদ ছিলেন না, তাই তাঁকে এ জন্য অনেক মাশুল দিতে হয়েছে।
জাইসওয়াল বলেন, জোটের দলগুলোর কোনটি কী করছে, সে সম্পর্কে তিনি (মনমোহন) অবগত ছিলেন না। এনডিটিভি।