ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল সোমবার খনি কেলেঙ্কারি নিয়ে দেশটির পার্লামেন্টে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন। এ সময় প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদেরা তুমুল হইচই ও তীব্র প্রতিবাদ জানান। কয়লাখনি বিক্রি নিয়ে সৃষ্ট বিতর্কের জের ধরে তাঁরা অব্যাহতভাবে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছেন।সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গতকাল পার্লামেন্টে বিরোধী সাংসদদের হট্টগোলে প্রধানমন্ত্রী মনমোহনের বক্তব্য খুব অল্পই শ্রুতিযোগ্য হয়। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরে ওই বক্তব্যের ওপর সংক্ষিপ্ত বিবৃতি দেওয়া হয়। প্রায় এক সপ্তাহ ধরে পার্লামেন্ট অচল করে রাখা বিজেপির সদস্যরা এদিনও মনমোহনের পদত্যাগের দাবিতে অটল থাকেন।প্রধানমন্ত্রীর আত্মপক্ষ সমর্থন করে দেওয়া বক্তব্যের আগে প্রকাশিত এক সরকারি তদন্ত প্রতিবেদনে বলা হয়, কয়লাখনিগুলোর ত্রুটিপূর্ণ বিক্রির কারণে ভারত তিন হাজার ৩০০ কোটি মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।