মনমোহনের পদত্যাগ দাবি পার্লামেন্টে হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগের দাবিতে গতকাল বুধবারও পার্লামেন্টে হট্টগোল হয়েছে। এ সময় পার্লামেন্টের উভয় কক্ষের কার্যক্রম ব্যাহত হয়। পরে বাধ্য হয়ে পার্লামেন্ট মুলতবি ঘোষণা করা হয়। এর আগে গত মঙ্গলবারও পার্লামেন্টে হট্টগোল হয়।কয়লাখনি কেলেঙ্কারিতে মনমোহন সরকার জড়িত বলে অভিযোগ এনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট পার্লামেন্টে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগ দাবি করেছে। বিরোধী দলও তাঁর পদত্যাগ দাবি করে। লোকসভায় হট্টগোল চলাকালে সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান স্পিকার মিরা কুমার। কিন্তু তাঁর আহ্বানে সাংসদেরা শান্ত না হওয়ায় দুপুর পর্যন্ত অধিবেশন মুলতবি করেন স্পিকার। এদিকে রাজ্যসভায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সাংসদেরা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। এ সময় তাঁদের নিষেধ করেন রাজ্যসভার প্রধান হামিদ আনসারি। একপর্যায়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে বিজেপি নেতা ভেঙ্কাইয়া নাইডু বলেন, কয়লাখনি কেলেঙ্কারিতে কেবল একটি বিবৃতি নয়, তাঁরা প্রধানমন্ত্রীর পদত্যাগ চান।আলোচনা থেকে সরে না যেতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান সংসদবিষয়ক প্রতিমন্ত্রী রাজীব শুক্লা। বিরোধী দলের কয়েকজন নেতা এ সময় চিত্কার করলে রাজ্যসভার অধিবেশন মুলতবি করেন চেয়ারম্যান হামিদ আনসারি। পরে অধিবেশন পুনরায় শুরু হলে একই ধরনের হট্টগোল হয় এবং আবার অধিবেশন মুলতবি করা হয়।বিজেপির জ্যেষ্ঠ নেতা অরুণ জেটলি বলেন, কেলেঙ্কারির দায় স্বীকার করে প্রধানমন্ত্রী মনমোহন পদত্যাগ না করা পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম অচল করে রাখবে বিজেপি। পার্লামেন্ট অবরোধের মতো কর্মসূচি সাধারণত এড়িয়ে যাওয়া উচিত। কিন্তু বিশেষ প্রয়োজনে এ ধরনের পদক্ষেপ নিতে হয়। বিজেপির মুখপাত্র প্রকাশ জাভাদেকার পার্লামেন্ট ভবনের বাইরে সাংবাদিকদের বলেন, সরকারকে অবশ্যই চলে যেতে হবে এবং শিগগিরই নতুন করে নির্বাচন দিতে হবে। তিনি বলেন, ‘আমরা দেশে আর লুটপাট হতে দেব না।’ভারতের মহা হিসাব নিরীক্ষকের (সিএজি) দপ্তর থেকে গত শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, কয়লাখনি কেলেঙ্কারির ঘটনায় ভারত বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন ওই কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। তিনি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত কয়লামন্ত্রীর দায়িত্বে ছিলেন।দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রী মনমোহনের সরকার একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে। স্বচ্ছ ভাবমূর্তির জন্য খ্যাত মনমোহনের নামও এবার ওই কেলেঙ্কারিতে যুক্ত হলো। পার্লামেন্ট অবরোধের হুমকি এমন একসময়ে দেওয়া হলো, যখন ভারতের অর্থনীতি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তোপের মুখে থাকা সরকার বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কী পদক্ষেপ নেয়, তা পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতারা। সিএজির প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সালে বাস্তবায়িত খনি অধিকারে ‘স্বচ্ছতা ও স্বাধীনতার অভাব’ ছিল। এরপর থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রায় তিন হাজার ৩৪০ কোটি মার্কিন ডলার অপ্রত্যাশিতভাবে মুনাফা করে। এই মুনাফার ব্যাপারে সরকার অবগত থাকলেও রাজস্ব আদায় বাড়াতে ব্যর্থ হয়। এএফপি, পিটিআই।