মনমোহনের পদত্যাগের দাবিতে লোকসভায় হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগের দাবিতে ভারতের লোকসভায় গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন বিরোধী সাংসদেরা। তাঁদের বিক্ষোভের মুখে অধিবেশন মুলতবি করা হয়। ২০০৮ সালের পার্লামেন্টে আস্থা ভোটে জিততে মনমোহনের জোট ঘুষ দিয়ে ভোট কিনেছিল বলে অভিযোগ উঠেছে।উইকিলিকসে ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে দ্য হিন্দু পত্রিকা জানায়, আস্থা ভোটে জিততে ক্ষমতাসীন জোট আইনপ্রণেতাদের পেছনে ৫০ থেকে ৬০ কোটি রুপি খরচ করেছিল। ক্ষমতাসীন জোটের প্রধান দল কংগ্রেস পার্টির এক কর্মকর্তা এক মার্কিন কূটনীতিককে এ কথা জানিয়েছেন।উইকিলিকসের প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের ওই কর্মকর্তা দুই সিন্দুকভর্তি রুপি দেখিয়ে মার্কিন কূটনীতিককে জানান, একটি আঞ্চলিক দলের চার সাংসদের সমর্থন পেতে তাঁদের প্রত্যেককে ১০ কোটি করে রুপি দেওয়া হয়েছে।বিশ্লেষকেরা বলছেন, উইকিলিকসের এই খবরে মনমোহন সরকারের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে। এমনিতে একের পর এক বড় বড় দুর্নীতির কেলেঙ্কারিতে সরকার দুরবস্থার মধ্যে আছে।নয়াদিল্লিভিত্তিক আরপিজি ফাউন্ডেশনের প্রধান ডি এইচ পাই পানন্দিকর বলেন, ‘সরকারের জন্য বিব্রতকর হলেও এটা তেমন গুরুতর কিছু নয়। এই ইস্যুতে কেউ সরকারের বিপক্ষে ভোট দেবে না।’২০০৮ সালের আস্থা ভোটের পর প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অভিযোগ করেছিল, কংগ্রেস টাকা দিয়ে ভোট কিনেছে। উইকিলিকসের এই প্রতিবেদন বিজেপির সেই অভিযোগকে আরও শক্তিশালী করল।বিজেপির নেত্রী সুষমা স্বরাজ বলেছেন, মনমোহন সরকার ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছে। তিনি লোকসভায় বলেন, এই সরকার তিন মাস ধরে একটার পর একটা সংকটের মুখে পড়েছে। কিন্তু এবারের সংকট তারা আর কাটিয়ে উঠতে পারবে না। দেশ শাসনের সব অধিকার তারা হারিয়েছে।মনমোহন সিংয়ের পদত্যাগের দাবিতে বিজেপির সাংসদেরা লোকসভায় হট্টগোল শুরু করলে স্পিকার গতকালের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করতে বাধ্য হন।অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এই প্রতিবেদন নাকচ বা নিশ্চিত করেননি। নয়াদিল্লির মার্কিন দূতাবাসের এক মুখপাত্র জানান, এ ধরনের গোপন প্রতিবেদনের বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করতে চান না।২০০৮ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি করার পর সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেন কমিউনিস্টরা। এরপর পার্লামেন্টে আস্থা ভোটে অল্পের জন্য পার পেয়ে যায় কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ)।কংগ্রেস সরকারের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগের উল্লেখ আছে উইকিলিকসের প্রতিবেদনে। এর মধ্যে প্রথমেই আছে মোবাইল ফোনের লাইসেন্স দেওয়া নিয়ে সাবেক টেলিকমমন্ত্রী এ রাজার দুর্নীতি।রাজা কম মূল্যে লাইসেন্স দিয়ে রাষ্ট্রকে প্রায় চার হাজার কোটি ডলার রাজস্ব থেকে বঞ্চিত করেছিলেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় হিসাব নিরীক্ষা বিভাগ। এএফপি।