রাহুল অনুষ্ঠানে যাননি, দেশে ফিরলেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দেওয়া কংগ্রেস পার্টির বিদায়ী নৈশভোজ ও সংবর্ধনা দেওয়ার এক দিন পর গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন কংগ্রেস পার্টির সহসভাপতি রাহুল গান্ধী। গত বুধবার মনমোহনের সম্মানে রাহুলের মা কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ওই বিদায়ী সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করেছিলেন৷
রাহুল ওই সংবর্ধনায় না থাকায় তীব্র সমালোচনার মুখে পড়েন৷ অনেকে বলছেন, ওই অনুষ্ঠানে না গিয়ে রাহুল বিদায়ী প্রধানমন্ত্রীকে অপমান করেছেন৷ ব্যাপক গুঞ্জন রয়েছে যে, মনমোহনের বিদায়ী সংবর্ধনা এড়াতেই রাহুল অনুষ্ঠানের আগের দিন বিদেশে পাড়ি জমিয়েছিলেন৷
বিজেপির মুখপাত্র ক্যাপ্টেন অভিমন্যু সিং বলেন, ‘মনমোহনের সঙ্গে কংগ্রেস কী আচরণ করে, তা সারা দেশ জানে। একটি উপযুক্ত বিদায় সংবর্ধনা তাঁর প্রাপ্য। রাহুল গান্ধীর সেখানে থাকা উচিত ছিল।’
আম আদমি পার্টির আশুতোষ বলেছেন, ‘রাহুল গান্ধীর অনুপস্থিতি আমাকে হতাশ করেছে৷’ তবে কংগ্রেসের নেতা সত্যব্রত চতুর্বেদী বলেন, দেশের বাইরে যাওয়ার আগে রাহুল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন৷ কাজেই প্রধানমন্ত্রীকে অপমান করার প্রশ্নই আসে না৷ এনডিটিভি৷