মনমোহনের ভাষণের সময় জামা খুলে প্রতিবাদ
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল শনিবার নয়াদিল্লিতে এক আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে মঞ্চে উঠলে এক ব্যক্তি পরনের জামা খুলে প্রতিবাদ জানান। এ সময় তিনি একটি টেবিলের ওপর উঠে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন। ওই ব্যক্তি ভারতের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত ‘কনফারেন্স অন ইকোনমিক গ্রোথ ইন এশিয়া অ্য্যান্ড চেঞ্জেস অব করপোরেট এনভায়রনমেন্ট’ সম্মেলনে মনমোহনের ভাষণ দেওয়ার প্রাক্কালে ওই ব্যক্তি তাঁর পরনের শার্ট খুলে ‘প্রধানমন্ত্রী চলে যাও, চলে যাও’ বলে চিৎকার করে স্লোগান দিতে থাকেন। নিরাপত্তা কর্মকর্তারা ওই বিক্ষোভকারীকে সরিয়ে না নেওয়া পর্যন্ত মনমোহন ভাষণ না দিয়ে মঞ্চে চুপ করে দাঁড়িয়ে থাকেন। ওই ব্যক্তি স্লোগান শুরু করতেই নিরাপত্তারক্ষীরা তাঁকে টেবিল থেকে টেনে নামিয়ে সম্মেলন কক্ষ থেকে বের করে নিয়ে যান। এ সময় তিনি যাতে আর স্লোগান দিতে না পারেন, সে জন্য অপর এক নিরাপত্তারক্ষী তাঁর মুখ চেপে ধরেন। পরে তাঁকে সরিয়ে নেওয়া হলে প্রধানমন্ত্রী ভাষণ শুরু করেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ইন্ডিয়ান ল ইনস্টিটিউট সম্মেলনটির আয়োজন করে। এতে ভারতের প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়া ও আইনমন্ত্রী সালমান খুরশিদসহ এশীয় অঞ্চলের আইনসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অর্থনীতিকে চাঙা করতে সরকারের গৃহীত একের পর এক সংস্কারমূলক পদক্ষেপের বিরুদ্ধে সারা ভারতেই বিক্ষোভ চলছে। এর প্রতিবাদে গত শুক্রবার জোট থেকে সমর্থন প্রত্যাহার এবং এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তৃণমূলের মন্ত্রীরা পদত্যাগ করেন। এদিকে সংস্কার কার্যক্রমে জনগণের সমর্থন পেতে মনমোহন গত শুক্রবার টেলিভিশনে ভাষণ দেন। ভাষণে তিনি দেশের অর্থনৈতিক সংকটের এ মুহূর্তে জনগণকে তাঁর সংস্কারমূলক কার্যক্রমে আস্থা রাখতে ও সহযোগিতামূলক আচরণ করার আহ্বান জানান। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।