মনমোহনের মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ গ্রহণ করেছেন জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ৮ এপ্রিল একদিনের সফরে ভারতের আজমির যাচ্ছেন। এ সময় তিনি নয়াদিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও দেখা করবেন। ২০০৫ সালের পর এই প্রথম কোনো পাকিস্তানি প্রেসিডেন্ট ভারত সফরে যাচ্ছেন। জারদারির কার্যালয়ের একজন মুখপাত্র জানান, প্রেসিডেন্ট ব্যক্তিগত সফরে আজমির যাচ্ছেন। সেখানে তিনি সুফি হজরত খাজা মইনুদ্দিন চিশতির (রহ.) মাজার জিয়ারত করবেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।গত রোববার রাতে জারদারির কার্যালয়ের মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর নিশ্চিত করেন, আজমির যাওয়ার পথে নয়াদিল্লিতে মনমোহনের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জারদারি গ্রহণ করেছেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জারদারির সফরের বিষয়টি নিশ্চিত করেনি। এএফপি