মনমোহনের সম্পদ এক বছরে দ্বিগুণ, মূল্য ১১ কোটি রুপি
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রায় ১১ কোটি রুপির সমপরিমাণ সম্পদের মালিক। তাঁর এই সম্পদ গত বছরের তুলনায় দ্বিগুণ। তবে তাঁর মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী এর দ্বিগুণেরও বেশি সম্পদের মালিক। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত চলতি বছরে মন্ত্রীদের সম্পদের তালিকায় এ তথ্য পাওয়া গেছে। তালিকায় দেওয়া হিসাব অনুযায়ী, প্রধানমন্ত্রী মনমোহন সিং ১০ কোটি ৭৩ লাখ, ৮৮ হাজার ৭৩০ রুপির সম্পদের মালিক। এর মধ্যে আবাসিক সম্পত্তি, ব্যাংকে জমা অর্থ এবং তাঁর মারুতি গাড়িটিও রয়েছে। মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের মধ্যে প্রফুল প্যাটেলের সম্পদের পরিমাণ ৫২ কোটি রুপি। শারদ পাওয়ারের সম্পদের পরিমাণ ২২ কোটি রুপি। মন্ত্রীদের মধ্যে সবচেয়ে কম সম্পদের মালিক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। তাঁর মোট সম্পদের পরিমাণ ৫৫ লাখ রুপি। মনমোহন সিংয়ের ঘোষিত সম্পদের হিসাবে চণ্ডীগড় ও দিল্লির ফ্ল্যাট দুটির মূল্য দেখানো হয়েছে সাত কোটি ২৭ লাখ রুপি এবং ব্যাংকে জমা ও বিনিয়োগের মোট পরিমাণ তিন কোটি ৪৬ লাখ রুপি। তাঁর মারুতি গাড়িটির হ্রাসকৃত মূল্য দেখানো হয় ২১ হাজার ৩৩ রুপি। এ ছাড়া ১৫০ দশমিক ৮০ গ্রাম স্বর্ণের মালিকানার ঘোষণা দেন মনমোহন। গত বছর মনমোহনের ঘোষিত সম্পদের পরিমাণ ছিল পাঁচ কোটি ১১ লাখ রুপি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, তাঁর সম্পদের মোট পরিমাণ একই রয়েছে, কিন্তু সেগুলোর বাজারমূল্য বেড়েছে। এনডিটিভি।