মনমোহনের ৮০তম জন্মদিন উদ্যাপিত
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল বুধবার অনাড়ম্বরভাবে তাঁর ৮০তম জন্মদিন উদ্যাপন করেছেন। প্রধানমন্ত্রীর মুখপাত্র এএফপিকে জানান, সেই অর্থে জন্মদিন উদ্যাপন করেননি মনমোহন। সকালে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। একটি বিজ্ঞান সম্মেলনে বক্তব্য দেওয়াসহ জনসংযোগ করেন। বিকেলে অন্য দিনের মতোই কাজ করেন তিনি।মনমোহনের জন্ম (বর্তমানে) পাকিস্তানের পাঞ্জাবের গাহ গ্রামে। তাঁর ভাষায়, প্রকৃত জন্ম তারিখ জানা নেই। তবে স্কুলে ভর্তির সময় উল্লেখ করা হয়, মনমোহনের জন্ম ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর। ১৯৪৭ সালে দেশ বিভাজনের সময় মনমোহনের পরিবার ভারত চলে আসে। মনমোহন ১৯৯১ সালে দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব নেন। বর্তমানে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। ভারতে মন্থর হয়ে আসা অর্থনীতিকে চাঙ্গা করতে সে দেশে খুচরা পণ্যের বাজারে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগসহ (এফডিআই) অর্থনৈতিক সংস্কার কর্মসূচি এনেছে মনমোহনের সরকার। এই কর্মসূচির মাধ্যমে দুর্নীতির অভিযোগসহ তাঁর সরকারের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছেন মনমোহন। ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারিসহ রাজনীতিবিদদের অনেকেই গতকাল মনমোহনকে জন্মদিনের শুভেচ্ছা জানান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক শুভেচ্ছা বার্তায় বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় অসাধারণ দক্ষতার জন্য ও মহৎ অর্থনীতিবিদ হিসেবে আপনি অর্জন করেছেন গভীর শ্রদ্ধা।’ এএফপি ও এনডিটিভি অনলাইন।