মনস্থির করতে না পারা ভোটারের মর্মযাতনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে কাকে ভোট দেবেন —কোনো কোনো ভোটার তা ঠিক করে উঠতে পারছেন না। এই ভোটাররা যে সংশ্লিষ্ট সব তথ্য জানেন না বা নির্বাচন নিয়ে আগ্রহী নন কিংবা মেধাহীন, তা কিন্তু নয়। সিদ্ধান্ত নিতে না পারার কারণ হলো, তাঁরা প্রেসিডেন্ট প্রার্থীদের পছন্দ করতে পারছেন না। এমন ভোটারদেরই একজন হলেন রড ড্রেহার।মধ্যবয়সী ড্রেহার কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন। তিনি বলেন, ‘আমি জানি, কীভাবে লিখতে হয়, পড়তে হয়। এই মুহূর্তে আমাদের জন্য বড় বড় বিষয় কী, তা-ও খুব ভালোভাবে জানি। কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারিনি নির্বাচনের দিন কাকে আমি ভোট দেব।’ড্রেহার বলেন, ‘এই সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ হওয়ার কথা ছিল। আমি রক্ষণশীল রেড টরির রাজনৈতিক দর্শনে বিশ্বাস করি। ১৯৮৮ সাল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে আমি ডেমোক্র্যাটদের ভোট দিই না। আর মিট রমনি ও তাঁর দল রিপাবলিকান পার্টি এতটাই কৃত্রিমতা দেখায় যে তাদের প্রতি আমাদের সমর্থন আসে না।’ ড্রেহার বলেন, রিপাবলিকান পার্টি থেকে তাঁর সরে আসা শুরু হয় জর্জ ডব্লিউ বুশের আমল থেকে। তাঁর শাসনামল এতটাই ফ্যাকাশে ছিল যে তা দেশ ও দলের জন্য নেতিবাচক হয়েছে। রিপাবলিকান পার্টির পররাষ্ট্রনীতির বিশ্বাসযোগ্যতার মৃত্যু হয় ইরাকের মরুভূমিতে। মুক্তবাজার অর্থনীতির পক্ষে কট্টর অবস্থান করা যে বিপজ্জনক—তা ফাঁস হয় মার্কিন অর্থনীতিতে এর প্রভাব পড়ার পর। এগুলোসহ আরও কিছু কারণে ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনকে বাদ দিয়ে ডেমোক্র্যাট বারাক ওবামাকে বেছে নেন জনগণ। ড্রেহার বলেন, ম্যাককেইনের হারের পর তাঁর মতো রক্ষণশীলদের মনে হয়েছিল, এবার রিপাবলিকান পার্টির সময় এসেছে বুশের আমলের পর রক্ষণশীলতাবাদ পুনর্বিবেচনা করার। কিন্তু সেটা করা হয়নি। বরং যুক্তিহীন মতবাদ নিয়ে প্রেসিডেন্ট ওবামার বিভিন্ন কর্মসূচি বন্ধ করার পথই বেছে নেওয়া হয়।ড্রেহার বলেন, এখন আমি যদি রমনিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিই, তা হলে তিনি তাঁর ভুলত্রুটিগুলো নিয়েই এগিয়ে যেতে উৎসাহিত হবেন। এর মানে হলো, রমনি আদর্শগতভাবে নয়, বাস্তবতার ভিত্তিতে সরকার পরিচালনা করবেন। আর ওবামা তো ভালো বিকল্প নন। তিনি গ্রহণযোগ্য নয়—বুশ আমলের এমন অনেক নীতি এগিয়ে নিচ্ছেন। গত নির্বাচনে ড্রেহার রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির বাইরে তৃতীয় দলকে ভোট দিয়েছিলেন। তিনি বলেন, তৃতীয় দলকে ভোট দিয়ে ভালো লাগলেও এটা ছিল ভোটের অপচয়। এবার এটা করতে চাই না। কিন্তু কথা হলো, রিপাবলিকান বা ডেমোক্রেটিক পার্টি কেউ বর্তমান সংকটের যুক্তিবাদী সমালোচনা বা সমাধানের কথা বলছে না। তার পরও ওবামা বা রমনির মধ্যেই যেকোনো একজনকে বেছে নিতে হবে। বিবিসি।