মনিকা কেলেঙ্কারিতে জবসের পরামর্শ নেন ক্লিনটন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন মনিকা লিউনস্কি কেলেঙ্কারিতে জড়ানোর পর অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের পরামর্শ নিয়েছিলেন। প্রয়াত জবসের জীবনীগ্রন্থে এ কথা উল্লেখ করা হয়েছে। বইটি লিখেছেন ওয়াল্টার আইজ্যাকসন।বইয়ে বলা হয়েছে, হোয়াইট হাউসের কর্মী মনিকা লিউনস্কিকে নিয়ে যৌন কেলেঙ্কারিতে ক্লিনটন যখন চরম বেকায়দায়, তখন একদিন ভোররাতে হঠাৎ জবসকে ফোন করেন ক্লিনটন। এই ঝামেলা থেকে রেহাই পেতে তিনি জবসের কাছে পরামর্শ চান।জবাবে জবস বলেন, ‘আমি জানি না, আপনি আসলেই ওই কাজ করেছেন কি না। তবে যদি করে থাকেন, তাহলে আমার পরামর্শ— দেশের মানুষকে সত্যিটা জানিয়ে দিন।’জবসের এই পরামর্শ পাওয়ার পর ফোনের অপর প্রান্তে ক্লিনটন বেশ কিছুক্ষণ চুপ থাকেন। তবে তিনি জবসের পরামর্শকে স্বাগত জানিয়েছিলেন কি না, তা বইয়ে উল্লেখ করা হয়নি।ক্লিনটন তাঁর ওভাল অফিস থেকে এ ধরনের ফোন প্রায়ই করতেন। তাই বলে এ ধরনের একটি স্পর্শকাতর রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি জবসের সঙ্গে কথা বলবেন বা তাঁর পরামর্শ চাইতে পারেন, সেটি অবাক করার মতো।জবসের এই জীবনী আজ সোমবার প্রকাশিত হচ্ছে। বইটি লিখতে জবসের ৪০টির বেশি সাক্ষাৎকার নিয়েছিলেন লেখক ওয়াল্টার আই-জ্যাকসন। একই সঙ্গে জবসের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, সহকর্মী এবং কর্মজগতের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কথা বলেছেন লেখক। জবস সম্পর্কে তাঁদের মন্তব্যও আছে বইয়ে।জবসের সঙ্গে সম্পর্ক ছিল—এমন ছোটখাটো ব্যক্তি থেকে শুরু করে বড় রাজনৈতিক নেতা বা জনপ্রিয় তারকাদের বিষয়ে অনেক কথাই আছে বইটিতে। এতে বলা হয়েছে, মাত্র ১৫ বছর বয়সে জবস কীভাবে গাঁজায় আসক্ত হয়ে পড়েন। পিটিআই।