মনিকা মনিকা বলে হিলারিকে কটাক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসর সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের গাড়িবহরে টমেটো ও জুতা ছুড়েছে রাস্তার পাশে দাঁড়ানো লোকজন। এ সময় তাঁকে ‘মনিকা মনিকা’ বলে কটাক্ষও করা হয়। রোববার মিসরের আলেকজান্দ্রিয়ায় সফরের শেষ দিনে এ ঘটনা ঘটে।দুই দিনের ওই সফর শেষে গতকাল সোমবার ইসরায়েল গেছেন হিলারি। সেখানে ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে মিসরের রাজনৈতিক পটপরিবর্তন, ইরানের পারমাণবিক কর্মসূচি ও স্থবির হয়ে পড়া ইসরায়েল-ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়া নিয়ে তাঁর আলোচনা করার কথা। সফরের শেষ দিনে আলেকজান্দ্রিয়ায় হিলারির গাড়িবহর লক্ষ্য করে ছোড়া একটি টমেটো মিসরের এক কর্মকর্তার মুখে গিয়ে পড়ে। এ ছাড়া বিক্ষোভকারীদের ছোড়া জুতা ও পানির বোতল হিলারির প্রতিনিধিদলের সুরক্ষিত গাড়ির কাছে গিয়ে পড়ে। তবে হিলারি ও তাঁর গাড়ি এ হামলা থেকে রক্ষা পায় বলে জানান এক মার্কিন কর্মকর্তা।বিক্ষোভকারীরা হিলারির স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও হোয়াইট হাউসের তৎকালীন কর্মী মনিকার সম্পর্ক টেনে এনে ‘মনিকা’ ‘মনিকা’ বলে চিৎকারও করছিল। কেউ কেউ জোর গলায় বলছিল, ‘চলে যাও ক্লিনটন’। তবে বিক্ষোভকারীরা কারা বা কোন দলের সমর্থক, সেটা জানা যায়নি।প্রায় দুই বছরের মধ্যে ইসরায়েলে হিলারির এটা প্রথম সফর। এএফপি ও রয়টার্স।