মনের জ্বালা জুড়াতে
ভালোবাসা দিবসে প্রেমিক-প্রেমিকা ছায়াছবি দেখতে প্রেক্ষাগৃহে যেতেই পারে। পাশাপাশি অন্তরঙ্গভাবে বসে রোমান্টিক কোনো সিনেমা তারা দেখতেই পারে। কিন্তু চীনের সাংহাইয়ে এ ধরনের যুগল বা জুটির সে আশায় গুড়ে বালি।
প্রেমে দাগা খাওয়া এক প্রেমিক সব সিনেমা হলের বিজোড় নম্বরের আসনগুলোর টিকিট আগাম কিনে প্রেমিক-প্রেমিকাদের সে ইচ্ছায় বাদ সেধেছেন। মনের জ্বালা জুড়াতে তিনি এ ব্যবস্থা নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার চীনা গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইন খবরে জানানো হয়, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি সিনেমা হলে জুটিদের একসঙ্গে বসা ঠেকাতে বিজোড় নম্বরের টিকিটগুলো আগেই কাটতে শুরু করেছেন। তিনি শুধু তা করেই শান্ত হননি, জুটিদের পাশাপাশি বসা ঠেকাতে অনলাইনে প্রচারে নেমেছেন তিনি। সাংহাই প্রদেশের ফ্যাশনেবল জেলা জিনতিয়ানদিতে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে রোমান্টিক সিনেমা ‘বেইজিং লাভ স্টোরি’ মুক্তি পেয়েছে। তাই যেসব হলে এই সিনেমার প্রদর্শনী চলছে, সেসব হলে এখন পাশাপাশি আসনের কোনো টিকিট নেই।
ওই ব্যক্তি বলেন, ‘শুধু মজা করার জন্যই এটি করেছি। আশা করি প্রেমিক-প্রেমিকারা বিষয়টি বুঝতে পারবে।’
গত বছর এই ব্যক্তির সঙ্গে তাঁর বান্ধুবীর ছাড়াছাড়ি হয়ে যায়। হূদয়ের এ জ্বালা জুড়াতে মনের সব গরল যুগলদের ওপর ঢালছেন তিনি।