মনোনয়ন-দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন মিট রমনি
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের দৌড়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি তাঁর অবস্থান আরও মজবুত করেছেন। গত মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে দলীয় বাছাইপর্বে (প্রাইমারি) প্রতিদ্বন্দ্বী মনোনয়নপ্রত্যাশীদের চেয়ে অনেক বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি।এক সপ্তাহ আগে আইওয়া অঙ্গরাজ্যে দলীয় ককাসে মাত্র আট ভোটে অগ্রগামী ছিলেন ম্যাসাচুসেটসের সাবেক ওই গভর্নর। পর পর দুটি অঙ্গরাজ্যে ককাস ও প্রাইমারিতে এ জয় তাঁকে দলের টিকিট পাওয়ার লড়াইয়ে অনেকটাই এগিয়ে নিয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকেরা।যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনী প্রক্রিয়ার ইতিহাসে মিট রমনিই প্রথম রিপাবলিকান, যিনি আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে জয়লাভে সক্ষম হলেন। নিউ হ্যাম্পশায়ারের দলীয় প্রাইমারিতে ৩৯ শতাংশ ভোট পেয়েছেন তিনি। টেক্সাস অঙ্গরাজ্যের কংগ্রেস প্রতিনিধি রন পল ২৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আইওয়া ককাসে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করা পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক স্যান্টোরাম ও প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গিংরিচ তাঁর চেয়ে অনেক পিছিয়ে। প্রাইমারির ফলাফলে স্যান্টোরাম ও গিংরিচকে চতুর্থ স্থানটি দখলের জন্য মরিয়া লড়াই করতে দেখা যায়।দুজনই ১০ শতাংশের নিচে ভোট পেয়েছেন। গিংরিচ পেয়েছেন ৯ দশমিক ৪ এবং স্যান্টোরাম ৯ দশমিক ৩ শতাংশ ভোট। টেক্সাসের গভর্নর রিক পেরি পান ১ শতাংশের কম ভোট। ২০০৮ সালে প্রথমবার প্রার্থিতা বাছাইয়ের দৌড়ে রমনি নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের প্রাইমারিতে জন ম্যাককেইনের কাছে হেরে দ্বিতীয় স্থান পেয়েছিলেন। বিশ্লেষকদের ধারণা, নিউ হ্যাম্পশায়ারে মঙ্গলবারের প্রাইমারিতে ভোট দিয়েছেন প্রায় আড়াই লাখ রিপাবলিকান ভোটার।রিপাবলিকান দলের পরবর্তী প্রাইমারি দক্ষিণের অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনায়। ২১ জানুয়ারি অনুষ্ঠেয় এ প্রাইমারিকে খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রক্ষণশীল অঙ্গরাজ্য হিসেবে পরিচিত সাউথ ক্যারোলাইনায় মিট রমনির উত্থান সহজ হবে না বলে মনে করছেন অভিজ্ঞজনেরা।অবশ্য গত সপ্তাহের এক জনমত জরিপে এ রাজ্যে রমনিই সমর্থনের দিক থেকে এগিয়ে আছেন। রিক পেরি আগেভাগেই এখানে প্রচারণা শুরু করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, সাবেক স্পিকার নিউট গিংরিচের জন্য জেতার বিষয়টি এ অঙ্গরাজ্যে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়বে। আইওয়ায় প্রতিযোগিতায় আসা রিক স্যান্টোরাম রক্ষণশীলদের পছন্দের প্রার্থী। নিউ হ্যাম্পশায়ারে ফল ভালো না করলেও এখানে স্যান্টোরামের অবস্থান বেশ মজবুত। ইউটাহ অঙ্গরাজ্যের সাবেক গভর্নর জন হান্টসম্যান তাঁর প্রচারণার সর্বশক্তি নিয়োগ করেছিলেন নিউ হ্যাম্পশায়ারে। কিন্তু ১৭ শতাংশ ভোট পেলেও তিনি তাঁর প্রার্থিতার লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।এ মুহূর্তে রিপাবলিকান দলের ফ্রন্ট রানার (অগ্রবর্তী প্রার্থী) মিট রমনিকে ঠেকানোর জন্য এককাট্টা প্রতিদ্বন্দ্বীরা। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে তাঁর উদারনৈতিক কর্মকাণ্ড নিয়ে রক্ষণশীল রিপাবলিকানদের জোরালো প্রচারণা এখন মিট রমনির বিপক্ষে কাজ করছে। অবশ্য অর্থ সংগ্রহ ও ব্যক্তিগত নির্বাচনী তহবিলে স্পষ্টতই এগিয়ে রয়েছেন তিনি। আগামী নির্বাচনে প্রেসিডেন্ট বারাক ওবামাকে শক্তভাবে মোকাবিলার জন্য রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে রমনিকেই ভাবতে শুরু করেছেন ওবামাবিরোধী মার্কিনরা। নিজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিক্রিয়া জানিয়েছেন রমনি।