মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল মোশাররফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আসন্ন সংসদ নির্বাচনে তাঁর মনোনয়নপত্র বাতিলের নির্দেশের বিরুদ্ধে আদালতে গত বুধবার আপিল করেছেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুর এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোশাররফ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রিটার্নিং কর্মকর্তা ওই মনোনয়নপত্র বাতিল করার পর বুধবারই ছিল এ ব্যাপারে আপিলের শেষ দিন। আপিল আবেদনটি জমা দেন মোশাররফের আইনজীবী সালমান সফদার। এতে মোশাররফ বলেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে ১০ বছরব্যাপী দেশের সেবা করেছেন। কিন্তু তাঁর মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন কাসুরের রিটার্নিং কর্মকর্তা। অথচ খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের চিত্রল নির্বাচনী এলাকায় তাঁর মনোনয়নপত্র গৃহীত হয়েছে। তাই ওই কর্মকর্তার সিদ্ধান্ত খারিজ করে তাঁকে আগামী ১১ মে অনুষ্ঠেয় নির্বাচনে কাসুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হোক।মোশাররফ মোট চারটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে করাচি, কাসুর ও ইসলামাবাদ এলাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।১৫ জঙ্গি ও ১ সেনা নিহত: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ১৫ জঙ্গি ও একজন সেনাসদস্য গতকাল বৃহস্পতিবার নিহত হয়েছেন। কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ তিরাহ ভ্যালি অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে সেনাবাহিনী গত এক সপ্তাহ ধরে চেষ্টা করছিল। তবে তারা তালেবান ও তাদের সহযোগীদের প্রতিরোধের মুখে পড়ে।সামরিক কর্মকর্তারা জানান, বিদ্রোহীরা ওই উপত্যকা এলাকাটি নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে থাকে এবং সেখান থেকেই আফগানিস্তান সীমান্তের কাছাকাছি অঞ্চলে অবস্থিত আধা স্বায়ত্তশাসিত উপজাতি অধ্যুষিত এলাকায় হামলা চালায়। পিটিআই ও রয়টার্স।