যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী হারমান কেইন এই লড়াই থেকে আপাতত সরে দাঁড়িয়েছেন। যৌন হয়রানি ও ব্যভিচারের ‘মিথ্যা ও অপ্রমাণিত অভিযোগের’ বেদনাদায়ক প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে গত শনিবার এক দলীয় সভায় তিনি এই ঘোষণা দেন।আটলান্টায় সমর্থকদের উদ্দেশে কেইন বলেন, নিজের ও পরিবারের ওপর ‘অনুচিত’ আঘাত অব্যাহত থাকায় তিনি নির্বাচনী প্রচারণা ‘স্থগিত’ রাখছেন। তাঁর কথায় উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে বিস্ময়ের ধ্বনি ওঠে। এ সময় কেইনের মুখভঙ্গি অনমনীয় থাকলেও তাঁকে স্পষ্টতই বিপর্যস্ত মনে হচ্ছিল। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়ার ব্যাপারে দেশবাসী একটি বিষয় জানে। এটি এক নোংরা খেলা। খুবই নোংরা খেলা।’পিজ্জা কোম্পানির সাবেক শীর্ষ কর্মকর্তা কেইনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির একাধিক অভিযোগ ওঠায় রক্ষণশীল রিপাবলিকান দলের সমর্থকদের মধ্যে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। প্রথম অভিযোগটি করেন শিকাগোর নারী শ্যারন বিয়ালেক। তাঁর দাবি, ১৯৯৭ সালে তাঁর সঙ্গে ‘অশিষ্ট আচরণ’ করেন কেইন। তখন তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় রেস্তোরাঁ সমিতির প্রেসিডেন্ট ছিলেন। দ্বিতীয় অভিযোগটি কারেন ক্রোশার নামের এক নারী। তিনি দাবি করেন, নব্বইয়ের দশকে তাঁকে যৌন হয়রানি করেছিলেন কেইন। তবে কেইনের ভাবমূর্তির ওপর চূড়ান্ত আঘাতটি আসে চলতি সপ্তাহে। আটলান্টার ব্যবসায়ী নারী জিনজার হোয়াইট দাবি করেন, তাঁর সঙ্গে দীর্ঘ ১৩ বছর ধরে কেইনের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। বিষয়টিকে আরও জটিল করে তোলেন কেইন নিজেই। তিনি মন্তব্য করেন, তাঁর স্ত্রী এই সম্পর্কের ব্যাপারে জানতেন না। তবে হোয়াইটের সঙ্গে তাঁর সম্পর্কটি ছিল সম্পূর্ণ ‘নিষ্কাম’। এএফপি।