মনোনয়নপত্র জমা দিলেন নওয়াজ আজ শপথ
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ গতকাল মঙ্গলবার জাতীয় পরিষদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার পার্লামেন্ট সদস্যদের প্রকাশ্য ভোটে জয়ী হলে এদিনই তাঁর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা।নির্বাচনে সর্বোচ্চ আসন পাওয়া নওয়াজ শরিফের প্রতিদ্বন্দ্বী হিসেবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের মখদুম জাভেদ হাশমি এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মখদুম আমিন ফাহিমও গতকাল মনোনয়নপত্র জমা দেন। পার্লামেন্টে পিএমএল-এনের সংখ্যাগরিষ্ঠতা থাকায় জাভেদ হাশমি ও আমিন ফাহিমের নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।আজ প্রধানমন্ত্রী নির্বাচিত হলে প্রেসিডেন্টের বাসভবনে নওয়াজ শপথ নেবেন। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেছেন, অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার শরৎ সাবারওয়াল উপস্থিত থাকবেন। ডন।