ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী প্রণব মুখার্জি এবং বিজেপি নেতৃত্বাধীন বিরোধী জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) প্রার্থী পি এ সাংমা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার তাঁরা মনোনয়নপত্র জমা দেন। আগামী ১৯ জুলাই ভারতের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হবে আগামী ২ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৪ জুলাই। ভোট গণনা করা হবে ২২ জুলাই। নির্বাচকমণ্ডলীর সদস্যদের ভোটে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ভারতের পার্লামেন্ট (রাজ্যসভা ও লোকসভা) এবং বিভিন্ন রাজ্যের বিধানসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। নির্বাচিত ব্যক্তি ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিজেদের শক্তি ও ঐক্যের মহড়া দিয়েছে কংগ্রেস ও বিজেপি।সকালে পার্লামেন্ট সচিবালয়ে মনোনয়নপত্রে স্বাক্ষরের সময় ইউপিএ প্রার্থী ও অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে সদ্য পদত্যাগ করা প্রণব মুখার্জির সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী ও ইউপিএর চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির (এসপি) প্রধান মুলায়ম সিং যাদব, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা লালু প্রসাদ যাদব, রাষ্ট্রীয় লোকদলের অজিত সিং, লোক জনশক্তি পার্টির রাম বিলাস পাসওয়ান, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাহ, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ই আহমেদ, ডিএমকের নেতারাসহ কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাংসদরা।তবে, ইউপিএর গুরুত্বপূর্ণ শরিক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ দলের কোনো নেতা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন না। অপরদিকে বিকেলে মনোনয়নপত্র জমা দেন প্রেসিডেন্ট নির্বাচনে বিজেপি-সমর্থিত প্রার্থী ও লোকসভার সাবেক স্পিকার পি এ সাংমা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি নিতিন গড়কারি, প্রভাবশালী নেতা এল কে আদভানি, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পাররিকারসহ অন্যান্য নেতা।মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রণব মুখার্জি বলেন, ‘এই সন্ধিক্ষণে আমি কেবল সৃষ্টিকর্তার অনুগ্রহ ও সবার সহযোগিতা কামনা করি।’ তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তাঁর ওপর আস্থা ও বিশ্বাস রাখায় নিজ দল কংগ্রেসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।অন্যদিকে আদিবাসী নেতা পি এ সাংমা মনোনয়নপত্র জমা দেওয়ার পর বলেছেন, ‘আজ আদিবাসীদের ঐক্যের বিজয়ের দিন। একজন আদিবাসী ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে পেরেছেন।’ পিটিআই, এএফপি, আইএএনএস।