মনোনয়নপত্র জমা দিলেন রাহুল
পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেসের সহ-সভাপতি উত্তর প্রদেশের আমেথি লোকসভা কেন্দ্রের প্রার্থী রাহুল গান্ধী। আজ শনিবার বেলা দুইটায় মা সোনিয়া গান্ধী, বোন প্রিয়াঙ্কা, ভগ্নিপতি রবার্ট ভদ্র এবং দীর্ঘদিনের পারিবারিক বন্ধু রাজ্যসভার সদস্য ক্যাপ্টেন সতীশ শর্মাকে সঙ্গে নিয়ে আমেথির গৌরীগঞ্জে জেলা প্রশাসকের অফিসে গিয়ে মনোনয়নপত্র পেশ করেন রাহুল।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে রাহুল বলেন, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির স্ত্রীকে নিয়ে তিনি যে প্রশ্ন তুলেছিলেন, তা মোটেই ব্যক্তিগত আক্রমণ নয়। আগের হলফনামাগুলোতে এই তথ্যের উল্লেখ না থাকার বিষয়টির অবতারণা করেছিলেন শুধু।
উত্তর প্রদেশের এই আমেথি কেন্দ্রটি বহু বছর ধরেই গান্ধী পরিবারের সঙ্গে প্রায় সমার্থক হয়ে গেছে। প্রথমে রাজীব, পরে সোনিয়া, বর্তমানে রাহুল এই কেন্দ্রের সাংসদ। দীর্ঘদিনের পারিবারিক প্রথা মেনে এবারও মা ও বোনকে সঙ্গে নিয়ে রাহুল মনোনয়নপত্র জমা দিলেন। এটি করার আগে সেই পারিবারিক রীতি মেনেই জেলার এয়ারস্ট্রিপ থেকে গৌরীগঞ্জ পর্যন্ত তিনি করলেন এক বর্ণাঢ্য রোড শো। জাপানি এসইউভির ছাদে চেপে প্রিয়াঙ্কাকে পাশে বসিয়ে হাজার হাজার সমর্থকের ভিড় এড়িয়ে প্রায় তিন ঘণ্টা পরে জেলা শাসকের অফিসে পৌঁছেন রাহুল। তাঁর এই রোড শো সফল করতে জেলা কংগ্রেস নেতৃত্ব চেষ্টার ত্রুটি রাখেনি। ৫০০ কেজি লাল গোলাপের পাপড়ি জায়গায় জায়গায় মজুত রাখা হয়েছিল। রাহুলের গাড়ি, তাঁর দুধ-সাদা পাঞ্জাবি ও প্রিয়াঙ্কার মেরুন ছাপা শাড়ির ওপর ঝরেছে সেই পাপড়ির বিরামহীন বৃষ্টি সারাটা পথ। সেই সঙ্গে হাজারো কণ্ঠের স্লোগান। ভাই-বোন দুজনেই হাত নেড়ে রাস্তার দুধারে জড়ো হওয়া মানুষজনের সংবর্ধনার জবাব দিয়েছেন।
এক দিন আগেই প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, পারিবারিক বৃত্তের বাইরে অর্থাত্ আমেথি ও রায়বেরিলির বাইরে অন্য কোনো কেন্দ্রে তিনি প্রচারে যাবেন না। এত বছর ধরে তা তিনি কখনো করেনওনি। এটাও গান্ধী পরিবারের রীতি। এবারও সেই রীতি মেনে তিনি আমেথিতে প্রচারের মূল দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। অন্যবারের তুলনায় এবার তাঁর কাজটাও কঠিন। বলতে গেলে প্রায় একতরফা নির্বাচন হয়ে আসা আমেথিতে এবারই চতুর্মুখী লড়াই। বহুজন সমাজ পার্টি, বিজেপি ও আম আদমি পার্টি (এএপি) কোমর কষে নেমেছে রাহুলকে চ্যালেঞ্জ জানাতে। বিজেপি তাদের রাজ্যসভার সদস্য টিভি অভিনেত্রী স্মৃতি ইরানিকে দায়িত্ব দিয়েছে রাহুলকে ‘বে-লাইন’ করতে।
জেলা প্রশাসকের অফিসে মনোনয়নপত্র জমা দিয়ে রাহুল জানালেন, আমেথির জন্য কাজ করতে তাঁর খুব ভালো লাগে। কী কী কাজ তিনি করেছেন, তার ফিরিস্তিও তিনি দেন। তাঁর যে কাজের প্রশংসা করে পাশের কেন্দ্র সুলতানপুরের বিজেপির প্রার্থী তাঁরই চাচাতো ভাই বরুণ গান্ধী পার্টির কাছে সমালোচিত হয়েছেন, সেই স্বনির্ভর গোষ্ঠীদের উল্লেখ করে রাহুল বলেন, কয়েকটি কাজ করতে পেরে তাঁর ভালো লেগেছে। যেমন-নারীদের স্বনির্ভর করতে পারা। ১০ লাখ নারীকে তিনি এইভাবে ক্ষমতাবান করেছেন। কৃষিজাত পণ্যের উত্পাদনের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের জন্য ফুড পার্ক গড়েছেন। পরিকাঠামোর উন্নয়নে তিনি জাতীয় সড়ক ও রেলপথকে এই কেন্দ্রের সঙ্গে জুড়তে পেরেছেন। রাহুল জানান, এবার তাঁর লক্ষ্য জেলার যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের জন্য উদ্যোগী হওয়া।
এবার জিতলে রাহুলের হ্যাটট্রিক হবে। ২০০৪ সালে ৬৬.১৮ শতাংশ ভোট পেয়ে তিনি জিতেছিলেন। পাঁচ বছর পরে তাঁর প্রাপ্ত ভোটের হার ছিল ৭১.৭৮ শতাংশ। ১৯৯৯ সালে সোনিয়া পেয়েছিলেন ৬৭.৪৩ শতাংশ ভোট।
কোনো এক অজ্ঞাত কারণে রাহুল ও সোনিয়ার বিরুদ্ধে মুলায়ম সিংয়ের সমাজবাদী পার্টি প্রার্থী হিসেবে কাউকে দাঁড় করান না। এবারও তার ব্যতিক্রম হয়নি। ফলে বিরোধী বিজেপি ও বিএসপি ভোট একজোট হলেও কখনো ২২ শতাংশের বেশি হয়নি। এবার রাজনৈতিক পরিমণ্ডল অন্যবারের তুলনায় কংগ্রেসের বিরুদ্ধে এবং নতুন দল এএপি চ্যালেঞ্জ জানিয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাহুলকে আমেথি থেকে হটানো নিতান্তই কঠিন।