চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া ব্যক্তিদের তালিকায় থাকছে তালেবানের গুলিতে আহত পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের নাম। গতকাল শুক্রবার মনোনয়নের জন্য সময়সীমা শেষ হয়েছে।আগামী অক্টোবর মাসের শুরুতে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। তবে এ বছর কার ঝুলিতে সম্মানজনক এই পুরস্কার যেতে পারে, তা নিয়ে এখনই জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। ১৫ বছর বয়সী মালালা গত বছরের ৯ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে তেহরিক-ই-তালেবান (টিটিপি) সদস্যরা তার স্কুলবাসে উঠে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে। নারীশিক্ষার জন্য কাজ করায় দীর্ঘদিন ধরেই সে তালেবানের চক্ষুশূলে পরিণত হয়েছিল। ওই ঘটনার পর পাকিস্তানে তালেবানের নারীশিক্ষাবিরোধী ভূমিকা ও ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে প্রতিবাদের আন্তর্জাতিক প্রতীকে পরিণত হয় মালালা। নরওয়ের অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ক্রিস্টিয়ান বার্গ হারপভিকেন বলেন, মালালাকে পুরস্কার দেওয়া হলে তা কেবল সময়োপযোগী এবং মানবাধিকার ও গণতন্ত্রের স্বার্থে কাজ করা ব্যক্তিকে পুরস্কার দেওয়ার যে রেওয়াজ রয়েছে, তার সঙ্গে সংগতিপূর্ণই হবে না। মালালা ছাড়াও শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া অন্য যাঁদের নাম জানা গেছে, তাঁদের মধ্যে রয়েছেন মানবাধিকার কর্মী বেলারুশের অ্যালেস বেলায়তেস্কি (বর্তমানে কারাবন্দী) ও রাশিয়ার লিইয়ুডমিলা আলেক্সেভা। ডন।